২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছন্দে ফিরতে আত্মবিশ্বাসী রাজ্জাক

বাজে সময় পেছনে ফেলে ছন্দে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী আব্দুর রাজ্জাক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 05:08 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে স্বাগতিক ক্রিকেটাররা।

বুধবারের অনুশীলনের ফাঁকে রাজ্জাক বলেন, “ভালো না করলে সমালোচনা হওয়াই স্বাভাবিক। আমার কাজ হবে এটাকে ব্যক্তিগতভাবে না নেয়া। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে যেমন খেলেছি, তেমন খেলার চেষ্টা করবো। দল যেভাবে চায় সেভাবেই খেলতে চাই।”

পরিসংখ্যান নিয়ে কথা বলতে চান না দেশের সবচেয়ে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার। ফেরা নয়, তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সুযোগ পেলে ভালো করা, দলের প্রয়োজন পূরণ করা।

“আমার যা যা করার সবই করছি। সব সময়ই চেষ্টা করি। কখনো সফল হই, কখনো না। না হলে আর কখনো সফল হবো না বা ছেড়ে দিলাম এমন না। আমার মনে হয় ইতিবাচক থাকলেই ভালো হবে।”

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল শেষে সাত দিনের জন্য বিশ্রাম পেয়েছিলেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের শিরোপাজয়ী অধিনায়ক। বাড়ি গিয়ে নিজের মতো দিনগুলি কাটিয়ে সতেজ হয়ে ফিরেছেন রাজ্জাক।

চলতি বছর কিছুই পক্ষে যায়নি স্বাগতিকদের। টানা হারের মধ্যে থাকায় সবারই আত্মবিশ্বাস একটু কম। হঠাৎ করে কারোর দক্ষতার ঘাটতি হয়নি, সমস্যা আত্মবিশ্বাসে। রাজ্জাকের বিশ্বাস, এনসিএল, বিসিএলে খেলে ক্রিকেটারদের হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরেছে।

উইকেট নেয়ার চেয়ে হিসেবি বোলিংয়ের গুরুত্ব কোনো অংশেই কম নয় রাজ্জাকের কাছে। সীমিত ওভারের ক্রিকেটে তো বটেই, টেস্টেও হিসেবি বোলিংই তার পছন্দ।

“ওয়ানডে, টি-টোয়েন্টিতে হিসেবি বোলিং খুব গুরুত্বপূর্ণ। এক দিকে রান বেধে রাখলে অন্য প্রান্তে উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে। যারা ক্রিকেট বোঝেন, আমার মনে হয়, তারা এটা সমর্থন করবেন।”