চেন্নাইয়ের অষ্টম জয়
রাজস্থান রয়ালসকে ৫ উইকেটে হারিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস।
১০ ম্যাচে এটি চেন্নাইয়ের অষ্টম জয়। অন্যদিকে সমান ম্যাচে এটি রাজস্থানের চতুর্থ পরাজয়।
মঙ্গলবার রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৮ রান করে রাজস্থান।
রাজস্থানকে ভালো সূচনা এনে দিয়েছিলেন অঙ্কিত শর্মা ও শেন ওয়াটসন। অঙ্কিতের (৩০) বিদায়ে ভাঙে ৪৭ বল স্থায়ী ৬০ রানের জুটি। অর্ধশতকে পৌঁছানোর পর বিদায় নেন ওয়াটসনও। ৩৬ বলে খেলা তার ৫১ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।
ওয়াটসনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দেড়শ’ পার হয়নি রাজস্থানের সংগ্রহ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল স্টুয়ার্ট বিনি (২২)।
৩১ রানে ৩ উইকেট নিয়ে রাজস্থানের সেরা বোলার মোহিত শর্মা। রবীন্দ্র জাদেজা ২ উইকেট নেন ১৮ রানে।
জবাবে ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।
ডোয়াইন স্মিথের (৪৪) রানের সুবাদে ১০ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকটে ৭৬ রান। এরপর ফাফ দু প্লেসি (৩৮), রবিচন্দ্রন অশ্বিনের (১৬) ধীর ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়ে চেন্নাই।
তবে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (অপরাজিত ২৬) ও রবীন্দ্র জাদেজার (অপরাজিত ১১) আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে আইপিএলের সবচেয়ে সফল দলটি।
