মিলারের ব্যাটে পাঞ্জাবের দাপুটে জয়
ডেভিড মিলারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই ৩২ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। শেষ পাঁচ দেখায় ব্যাঙ্গালোরের বিপক্ষে এটি পাঞ্জাবের টানা পঞ্চম জয়।
চলতি আসরে আট ম্যাচে এটি পাঞ্জাবের সপ্তম জয়। সমান ম্যাচে ব্যাঙ্গালোরের পঞ্চম পরাজয়।শুক্রবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯৮ রান করে পাঞ্জাব।দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন মানদীপ সিং (১৫ বলে ২১) ও বীরেন্দর শেবাগ (২৪ বলে ৩০)। ৩৫ বল স্থায়ী উদ্বোধনী জুটি ভাঙার পর ক্রিজে আসা গ্লেন ম্যাক্সওয়েল খেলেন ১১ বলে ২৫ রানের আক্রমণাত্মক এক ইনিংস।প্রথম তিন ব্যাটসম্যান উইকেটে সেট হলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। কিন্তু সেই ভুল করেননি মিলার। দলকে ৪ উইকেটে ১৭০ রানে পৌঁছে দেয়া মিলার খেলেন ৬৬ রানের বিস্ফোরক এক ইনিংস। তার ২৯ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা।মিলারের বিদায়ের পর নিয়মিত উইকেট হারানোয় দুইশ’ পার হয়নি পাঞ্জাবের ইনিংস।ব্যাঙ্গালোরের পক্ষে যুবেন্দ্র চাহাল মিচেল স্টার্ক ও হার্শাল প্যাটেল দুটি করে উইকেট নেন, জবাবে ৯ উইকেটে ১৬৬ রানে থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস।লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ রানে পাঁচ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে স্বাগতিক দলটি।এরপরও দারুণ একটা চেষ্টা করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। ২৬ বলে ১টি চার পাঁচটি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন ডি ভিলিয়ার্স। তবু বড় হার এড়াতে পারেনি ব্যাঙ্গালোর। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন স্টার্ক।২৫ রানে ৩ উইকেট নিয়ে পাঞ্জাবের সেরা বোলার সন্দীপ শর্মা। এছাড়া দুটি করে উইকেট নেন শিবম শর্মা ও লক্ষ্মীপতি বালাজি।
