২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইজুলের ৮ উইকেটে বিপাকে দক্ষিণাঞ্চল

বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালের প্রথম দিনে বিসিবি উত্তরাঞ্চলের স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২৭১ রানেই অলআউট হয়ে গেছে প্রাইম ব্যাঙ্ক দক্ষিণাঞ্চল। ৮৬ রান দিয়ে ৮ উইকেট তুলে নেন বাঁ-হাতি এই স্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 05:37 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

দিন শেষে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান করেছে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে ২৫৬ রান পিছিয়ে আছে তারা।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। ৪৪ রানে এনামুলের (৯) উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণাঞ্চল। ১৪ রান পর তাইজুলের ঘূর্ণিতে ধরা পড়েন ইমুরল কায়েসও(৩৮)।

৯১ রানে আবারো তাইজুলের আঘাতে উইকেট হারায় দক্ষিণাঞ্চল। ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন মিথুন আলী। এরপরই চতুর্থ উইকেটে আসে ইনিংস সর্বোচ্চ ১২২ রানের জুটি। তবে জুটিটির মালিক ৩জন—সৌম্য সরকার, শুভাগত হোম ও তৈয়বুর পারভেজ। দলের ১৮০ রানে অর্ধশতক করে আহত অবসর হন সৌম্য। এরপর শুভাগতের সঙ্গে যোগ দেন তৈয়বুর। দলের ২১৩ রানে তাইজুলের বলে নাইম ইসলামের হাতে ক্যাচ দিয়ে শুভাগত ফিরলে ভাঙে চতুর্থ উইকেট জুটি। ৭২ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করেন শুভাগত। সুস্থ হয়ে পরে আবারো ব্যাট করতে নামেন সৌম্য। তবে নিজের স্কোরটাকে বেশি দূর নিয়ে যেতে পারেননি। আউট হয়েছেন তিনি ৭০ রানে। ১৩১ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। এছাড়া তৈয়বুর করেন ৩৯ রান। এই দুজনকেও প্যাভিলিয়নে ফেরান তাইজুল। এরপর আর কোনো জুটিই গড়ে ওঠেনি দক্ষিণাঞ্চলের। ৪৬ রান দিয়ে বাকি দুটি উইকেট নেন সানজামুল ইসলাম।