২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হলেন আতাপাত্তু

কয়েকদিন ধরে যে গুঞ্জনটা শোনা যাচ্ছিল, অবশেষে সেটাই সত্য হলো। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন মারভান আতাপাত্তু। শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটসম্যানের সহকারী করা হয়েছে দলের ফিল্ডিং কোচ রুয়ান কালপাগেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 07:14 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

প্রধান কোচ পল ফারব্রেস শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের (এসএলসি) দায়িত্ব ছেড়ে ইংল্যান্ডের সহকারী কোচ হয়েছেন। কিন্তু আগামী মাসেই শ্রীলঙ্কার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর। এত অল্প সময়ের মধ্যে স্থায়ী কোচ নিয়োগ না দিয়ে আতাপাত্তুকেই অস্থায়ী কোচ হিসেবে বেছে নিয়েছে এসএলসি।

শুক্রবার এসএলসি নিশ্চিত করেছে আতাপাত্তু আপাতত আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সিরিজটির জন্য দলের দায়িত্ব পাবেন।

গ্রাহাম ফোর্ড যখন শ্রীলঙ্কার কোচের পদ ছেড়ে দেয়ার ঘোষণা দেন, তখন প্রধান কোচের চাকরি পেতে আবেদন করেছিলেন আতাপাত্তু। নভেম্বরে সাক্ষাতকার পর্বের শেষ পর্ব পর্যন্ত গিয়েছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার কোচের দায়িত্ব পান ফারব্রেস।

তিন বছর আতাপাত্তু শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর গত বছরের মার্চ মাস থেকে তিনি ছিলেন দলের সহকারী কোচ।

ফারব্রেস দায়িত্ব ছাড়ার পরদিনই আতাপাত্তুকে প্রধান কোচ হিসেবে নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন আতাপাত্তুর সাবেক সতীর্থ ও কোচ নিয়োগ কমিটির সদস্য সনাৎ জয়াসুরিয়া।

অবশেষে জয়াসুরিয়ার সঙ্গে কোচ নিয়োগ কমিটির আরো দুই সদস্য জেরোম জয়ারত্নে ও রঞ্জিত ফার্নান্দো আতাপাত্তুকে অস্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব দেয়ার ব্যাপারে একমত হয়েছেন।