শনিবার আবার মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ
প্রায় দেড় মাসের বিরতির পর শনিবার থেকে চারটি ভেন্যুতে আবার শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ।
২৭ ফেব্রুয়ারি পনেরতম আসরের পঞ্চম রাউন্ডের খেলা শেষ হয়েছিল। ৮৭ পয়েন্ট নিয়ে আট দলের প্রতিযোগিতার শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রাজশাহী। ৬২ পয়েন্ট নিয়ে সিলেট ও ৫৯ পয়েন্ট নিয়ে খুলনা শীর্ষ চারে রয়েছে।
শনিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার মুখোমুখি হবে ঢাকা মেট্রো। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা বিভাগের প্রতিপক্ষ বরিশাল।
একই দিন বিকেএসপির তিন নম্বর মাঠে রাজশাহীর বিপক্ষে খেলবে চট্টগ্রাম। আর ফতুল্লার আউটার স্টেডিয়ামে দুই প্রতিপক্ষ সিলেট ও রংপুর।
১৯ এপ্রিল হবে সপ্তম রাউন্ডের খেলা। কক্সবাজারে মুখোমুখি হবে খুলনা-ঢাকা বিভাগ। চট্টগ্রামে খেলবে ঢাকা মেট্রো ও রাজশাহী। বিকেএসপির তিন নম্বর মাঠের দুই প্রতিপক্ষ সিলেট ও চট্টগ্রাম। ফতুল্লায় খেলবে রংপুরের প্রতিপক্ষ বরিশাল।
