২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে যাওয়া প্রাপ্য ছিল: ম্যাথিউস

প্রতিশোধ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে ভীষণ উচ্ছ্বসিত শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 12:08 AM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পুরো ২০ ওভার (ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে) খেলা হলে ভালো হতো। আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালে যাওয়াটা আমাদের প্রাপ্য।”জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ সফরে আসে শ্রীলঙ্কা। এশিয়া কাপ জেতার পর এক সপ্তাহের বিরতি ছাড়া বাকি সময়টুকু বাংলাদেশেই কাটিয়েছে তারা। তাই চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে কন্ডিশনের সঙ্গে মানিতে নিতে কোনো সমস্যা হয়নি তাদের।“গত কয়েক মাসে এই উইকেটে আমরা অনেক ম্যাচ খেলেছি। উইকেট আর কন্ডিশন সম্পর্কে ভালো জানি। এটি খুব ভালো উইকেট। বল ব্যাটে আসে, বোলারদের জন্যও কিছুটা সুবিধা আছে।”১০ ওভার শেষে ৬৫ রানে ৩ উইকেটে হারিয়ে চাপে ছিল শ্রীলঙ্কা। এ সময় অনেক হিসাব কষে ব্যাট করতে হয়েছে বলে জানান ম্যাচ সেরা ম্যাথিউস।তিনি বলেন “আমাদের অপশনগুলো নিয়ে ভাবতে হয়েছে। ১৬ ওভারের পর আমরা ঝুঁকি নিয়ে শট খেলেছি। সানতোকি আর রাসেলের বিপক্ষে আমরা স্বচ্ছন্দ্য ছিলাম।আমাদের বোলিং আক্রমণের জন্য দেড়শ’ রান নিয়েই লড়াই করা সম্ভব। আমরা এই লক্ষ্য নিয়ে ব্যাট করছিলাম।”গত সাত বছরে এটি হবে শ্রীলঙ্কার পঞ্চম বিশ্বকাপ ফাইনাল। দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বকাপ ফাইনালে হেরেছে তারা। এবার আর হতাশা নিয়ে ফিরতে রাজি নন ম্যাথিউস।“ফাইনালটাকে অন্য একটি ম্যাচের মতোই দেখতে চাই। ম্যাচিট উপভোগ করতে চাই। মৌলিক কাজগুলো ঠিকঠাক করতে চাই। সবাই কঠোর পরিশ্রম করেছে। আশা করি এবার শিরোপা জিতে ফিরতে পারবো।”এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটালেও ফেরেননি নিয়মিত অধিনায়ক দীনেশ চান্দিমাল। ম্যাথিউস জানান, এটি ছিল নির্বাচক, কোচ ও অধিনায়কের সমন্বিত সিদ্ধান্ত।“এটি ছিল একটি ভালো আর সাহসী সিদ্ধান্ত। চান্দিমাল দলের স্বার্থে সবচেয়ে ভালো সিদ্ধান্তটিই নেন। এবারো তিনি চেয়েছেন সেরা একাদশই মাঠে নামুক।”