২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল অস্ট্রেলিয়ার মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 10:39 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৭ রানে হেরেছিল গত দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে ৪৪ রানে হারিয়েছিল পাকিস্তানকে।

মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের খেলায় দক্ষিণ আফ্রিকার ৯ উইকেটে করা ১১৫ রান ৮ বল হাতে রেখে টপকে যায় হ্যাটট্রিক শিরোপা প্রত্যাশীরা।

জয়ের লক্ষ্য অল্প রানের হলেও ১২ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা হোঁচট খেয়েছিল অস্ট্রেলিয়া। তবে এলিসি পেরির অপরাজিত ৪১ ও জেস ক্যামেরনের অপরাজিত ২৭ রানে সহজেই লক্ষ্যে পৌছে যায় তারা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ইনিংসটাকে বড় করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২৮ বলে ৪টি চারের সাহায্যে সর্বোচ্চ ৩০ রান করেন ত্রিশা চেট্টি। এছাড়া মারিজান্নে কাপ ২০ ও সুনি লুজ অপরাজিত ১৯ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন দুই পেসার রেনে ফারেল ও জুলি হান্টার এবং অফস্পিনার এরিন অসবোর্ন।