২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টা জবাব দিয়ে সাকিবের শাস্তি

বোলিং করে ফেরার পথে বার বার সাকিব আল হাসানের দিকে এগিয়ে যাচ্ছিলেন আফগানিস্তানের পেসার দওলত জারদান। একবার তো ইচ্ছাকৃতভাবে ধাক্কাও দিলেন তিনি। তাকে শরীর দিয়েই পাল্টা জবাব দিয়ে শাস্তি পেয়েছেন সাকিব। নাটের গুরু জাদরানও রেহাই পাননি জরিমানার হাত থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 10:02 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের জন্য আইসিসির আচরণবিধি ভাঙার জন্য জাদরান ও সাকিব – দুজনেরই ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেয়া হয়েছে।

তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও নাইজেল লং, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা ও চতুর্থ আম্পায়ার রিচার্ড কেটেলবরো।

ঘটনাটা ঘটেছিল বাংলাদেশ ইনিংসের নবম ওভারে। বল করে 'ফলো থ্রুতে' সাকিবের শরীরে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন জাদরান। পাল্টা ধাক্কা দিয়েই জবাবটা দেন সাকিব। ম্যাচ শেষে দুজনই নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় পূর্ণ শুনানি ছাড়াই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

'লেভেল দুই' –এর এই অপরাধের সর্বনিম্ন শাস্তিই পেয়েছে সাকিব ও জাদরান।

তবে অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশকে ৯ উইকেটের জয় এনে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার ঠিকই পেয়েছেন সাকিব আল হাসান।