২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা

বাংলাদেশে চেনা পরিবেশ এগিয়ে রাখছে শ্রীলঙ্কাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় নিয়ে তাই আত্মবিশ্বাসী এ সংস্করণে বিশ্বের এক নম্বর দেশটির অধিনায়ক দীনেশ চান্দিমাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 05:10 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়ার আগে শনিবার শ্রীলঙ্কায় সংবাদ সম্মেলনে চান্দিমাল বলেন, “আমাদের গ্রুপে আমরা ভালো একটা সুবিধা পাবো। গ্রুপের চারটি দলের মধ্যে তিনটিই উপ-মহাদেশের আবহের সঙ্গে পরিচিত নয়।”

সদ্যই শেষ করে যাওয়া বাংলাদেশ সফরে কোনো ম্যাচ হারেনি শ্রীলঙ্কা। পরিচিত হয়ে যাওয়া বাংলাদেশের 'কন্ডিশনটা'ও শ্রীলঙ্কাকে ভালো সাহায্য করবে বলে বিশ্বাস চান্দিমালের।

গত ১৭ মাস ধরে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে শ্রীলঙ্কা। সাম্প্রতিক ফর্মটাও খুব ভালো তাদের। সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিটদের তালিকায় ওপরের দিকেই আছে তারা।

এসব কারণেই হয়ত শ্রীলঙ্কার সমর্থকদের প্রত্যাশাও একটু বেশি। চান্দিমাল জানালেন, শুধু সমর্থকই নয়, শ্রীলঙ্কার খেলোয়াড়দেরও বিশ্বাস আছে, এই বিশ্বকাপে ভালো কিছু পেতে পারেন তারা।

“সমর্থকদের চাহিদা অনেক বেশি। তারা ভাবছে আমরাই বিশ্বকাপ জিতব। এমনকি দলের মধ্যেও একটা বিশ্বাস আছে যে, আমরা বিশ্বকাপটা জিততে পারি।”