টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত দিলশান
চোটের কারণে শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরত্নে দিলশানের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা অনিশ্চিত।
গত মাসে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পান দিলশান। তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাই খেলতে পারেননি। ছিলেন না এশিয়া কাপের দলেও।চোট পাওয়ার পর-পরই দেশে ফিরে যাওয়া দিলশান আগামী রোববার শ্রীলঙ্কা দলের সঙ্গে বাংলাদেশে আসছেন। তবে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে না পারলে তার বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে যেতে পারে।এ প্রসঙ্গে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সনাথ জয়াসুরিয়া বলেন, “ঐ প্রস্তুতি ম্যাচে দিলশান খেলতে না পারলে আমার মনে হয় দুর্ভাগ্যজনকভাবে তাকে বাদ পড়তে হবে।“এ ব্যাপারে দলের ফিজিওর সঙ্গে আমরা কথা বলেছি। তার শেষ সময় বলা যেতে পারে ১৯ মার্চের প্রস্তুতি ম্যাচ। সে বোলিং আর ফিল্ডিং ভালো মতোই করছে। তবে ব্যাটিংয়ের সময় বেশ কষ্ট করতে হচ্ছে।”সাম্প্রতিক সময়ে দিলশান ব্যাট হাতে ছন্দে নেই। বাংলাদেশ সফরে দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডেতে তার মোট রান ছিল মাত্র ১৪।টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ২২ মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
