২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি সফল করতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট সফলভাবে আয়োজন করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 10:39 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

শনিবার সন্ধ্যায় গণভবনে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বাংলাদেশ ২০১৪ এর জাতীয় সাংগঠনিক কমিটি এবং অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়ন কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী সফলতার সঙ্গে এ টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার আশা প্রকাশ করেন।

২০১২ সালে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানসহ লীগ পর্বের ও কোয়ার্টার ফাইনাল ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “অতীতে এই ধরনের অনেক খেলা আমরা আয়োজন করেছি।”

২০১২ সালে বিদ্যুতের সমস্যার কথা মনে করিয়ে দিয়ে সরকার প্রধান বলেন, তখন সমস্যাও ছিল। বিদ্যুতের সমস্যা ছিল।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে আর ২৯ দিন রয়েছে।

এই সময়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতির যে সব কাজ বাকি রয়েছে তা শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, “এখন আমাদের ছেলেরা খেলার মেজাজ বুঝে গেছে।”

টেস্ট ক্রিকেটের জন্য আরো প্রস্তুতির তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, একই খেলোয়াড়কে বিভিন্ন ধরনের ক্রিকেট খেলতে হয়।

টেস্টের জন্য বিশেষ কিছু খেলোয়াড়ের প্রশিক্ষণ দরকার বলেও মনে করেন তিনি।

শ্রীলঙ্কার সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচেই শেষ বলে পরাজিত হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “দুইটি খেলাতেই আমাদের দুর্ভাগ্য। এজন্য আরো সতর্ক হতে হবে। আরো প্রস্তুতি নিতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের বড় কোনো ক্রীড়ার আসরে সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আন্তরিকতার সঙ্গে কাজ করে।

“সকলে দায়িত্ব নিয়ে কাজ করে এবং আমরা দর্শকদের সহযোগিতাও পাই,” বলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট অনুষ্ঠানে ‘অপপ্রচারে’ বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, “যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সামর্থ আমরা রাখি।”

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেণ শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রিপরিষদ সচিব মোশারারফ হোসেন ভূইয়া, তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।