২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার হলেন উমর আকমল

পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমল গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ উঠেছে – ট্রাফিক নিয়ম ভঙ্গ, সরকারি কাজে বাধা দান এবং একজন ট্রাফিক কর্মকর্তার সঙ্গে ‘হাতাহাতি’ করা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 06:01 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

ঘটনার শুরু শনিবার লাহোরের বাণিজ্যিক এলাকা ফিরদৌস মার্কেটে, উমর ট্রাফিক সিগন্যালে গাড়ি না থামানোয়।ঘটনাটার বর্ণনা দিয়ে লাহোরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জাহিদ নওয়াজ সাংবাদিকদের বলেন, “ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করার পর তিনজন ওয়ার্ডেন তাকে থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি থামেননি। শেষ পর‌্যন্ত গাড়ি থামানোর পর তিনি একজন ওয়ার্ডেনের সঙ্গে হাতাহাতি করে তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন।”“উমরকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।”

দোষী প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে উমরকে। এমনকি ছয় মাসের কারাদণ্ডও হতে পারে।উমর অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, “সেই ওয়ার্ডেন আমার মুখে আঘাত করেছে। আপনারা তার ক্ষতও দেখতে পাচ্ছেন। আমি নিজে থানায় গিয়ে অনুরোধ করেছিলাম যেন ওয়ার্ডেনদের নিয়ন্ত্রণ করা হয়। তারা সাধারণ মানুষের সঙ্গে অকারণে দুর্ব্যবহার করেন। কিন্তু পুলিশ উল্টো আমার বিরুদ্ধেই মামলা করেছে।”২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত উমর ১৬টি টেস্ট, ৮৯টি ওয়ানডে ও ৫২টি টি-টোয়েন্টি খেলেছেন।