২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেসারদের উপরও ভরসা করছেন ম্যাথিউস

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পেসারদের ওপর অনেকটা নির্ভর করবে শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 05:20 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

অতিথি দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেছেন, বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের ওপরই শুধু নির্ভরশীল নয় তার দল।

দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা দল। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করে শ্রীলঙ্কা। সোমবার থেকে এই মাঠেই শুরু হবে প্রথম টেস্ট।

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক বলেন, “আমরা শুধু স্পিনারদের ওপর নির্ভরশীল দল নই। হেরাথের ওপর অনেকটা নির্ভর করতাম, তিনি একজন ভালো স্পিনার। তবে পেসাররা গত কয়েকটি সিরিজে খুব ভালো করেছে। দুবাইয়ে তো ফ্ল্যাট উইকেটও ওরা সাফল্য পেয়েছে।”

কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনের উপস্থিতিতে ভীষণ শক্তিশালী শ্রীলঙ্কার ব্যাটিং। কৌশল সিলভা ও দিমুথ করুনারত্নে, দীনেশ চান্দিমালদের মতো তরুণদের নিয়েও আশাবাদী শ্রীলঙ্কার অধিনায়ক।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে না পারলেও সেই সিরিজের ভালো পারফরম্যান্স বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার আত্মবিশ্বাস যোগাচ্ছে ম্যাথিউসকে।

“শেষ সিরিজটা আমরা খুব ভালো খেলেছি। শেষ টেস্টের শেষ দুটি সেশন ভালো না হলেও সব মিলিয়ে আমাদের জন্য সিরিজটা খুব ভালো ছিল। নিজেরে পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। আমাদের আত্মবিশ্বাস এখন অনেক উচুঁতে।”

পাকিস্তানের বিপক্ষে ১-১ ব্যবধানে তিন ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে শ্রীলঙ্কা।

দলের কয়েকজন বাংলাদেশে আগেও খেলেছেন। কোচিং স্টাফদেরও অনেকেই এই কন্ডিশনের সঙ্গে ভালোভাবে পরিচিত। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অধিনায়ক ম্যাথিউসসহ কয়েকজন খেলে গেছেন। তাই কন্ডিশন নিয়ে খুব একটা ভাবছে না অতিথিরা।

গত বছর শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্টে সিরিজে ১-০ ব্যবধানে হারলেও লড়াই করেছিল বাংলাদেশ। ম্যাথিউস মনে করেন, ঘরের মাঠে স্বাগতিক হারানো আরো কঠিন হবে।

“এটা সম্পূর্ণ নতুন একটা সিরিজ। বাংলাদেশকে ওদের মাটিতে হারানো ভীষণ কঠিন হবে। গত কয়েক বছরে ওরা অনেক উন্নতি করেছে। সাম্প্রতিক সময়ে খুব ভালো ক্রিকেট খেলছে। ওদের হারাতে আমাদের অনেক ঘাম ঝরাতে হবে।”

বাংলাদেশকে সমীহ করছেন জানিয়ে ম্যাথিউস বলেন, “ওদের কয়েকজন খুব ভালো খেলোয়াড় আছে। ওরা জয়টা খুব কঠিন করে তুলবে। আমাদের ইতিবাচক থাকতে হবে।”

নির্দিষ্ট কাউকে নিয়ে ভাবছেন না জানিয়ে ম্যাথিউস বলেন, “ (বাংলাদেশের) ৬/৭ জন ভালো ব্যাটসম্যান রয়েছে। যে কেউ খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ওদের কয়েক জন ভালো বোলার রয়েছে। আমরা প্রত্যেককে নিয়ে আলাদাভাবে ভাবছি।”

দলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে সন্তোষ প্রকাশ করেন শ্রীলঙ্কার ব্যবস্থাপক মাইকেল ডি জয়সা।