২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট শ্রীলঙ্কা

আগামী ২৪ জানুয়ারি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। এই সফরের জন্য বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রতিনিধি দল।

ক্রীড়া প্রতিবেদক

রয়টার্স

Published : 14 Jan 2014, 09:35 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলাদেশ সফরে এসেছেন এসএলসির দুই কর্মকর্তা মোহন ডি সিলভা ও অজিত জয়াসেকারা।মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এলএসসির সহ-সভাপতি ডি সিলভা বলেন, “বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আমরা সন্তুষ্ট। দেশে ফিরে বোর্ডের কাছে এ কথা আমরা জানাবো। এখানে আমাদের প্রধান কাজ ছিলো নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা। এ ব্যাপারে ডিএমপি কমিশনার বেনজির আহমেদের কাছ থেকে আমরা পূর্ণ আশ্বাস পেয়েছি।”এক প্রশ্নের জবাবে ডি সিলভা জানান, শুধু একটি ওয়ানডে ম্যাচ হবে বলে সিলেটে খেলতে চাচ্ছেন না তারা।নিরাপত্তা পরিকল্পনা নিয়ে এসএলসি পরিদর্শক দলের সন্তুষ্টিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিষয়ক কমিটির সভাপতি মঞ্জুর কাদের।২০০৯ সালের মার্চে লাহোরে পাকিস্তানে সফররত দলের ওপর হামলার ন্যক্কারজনক ঘটনা শ্রীলঙ্কার প্রতিনিধিরা উল্লেখ করেছিলেন। সেই হামলার ভিডিও ফুটেজ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনা কেমন হবে তার ধারণা দিয়েছেন তাদের।

মঙ্গলবার তাদের সঙ্গে বৈঠক শেষে বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ সফরে তারা নিরাপত্তার বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন। আমরা তাদের সব প্রশ্নের উত্তর দিয়েছি। দেশের কঠিন পরিস্থিতিতেও ক্রিকেটকে সার্বিক নিরাপত্তা দিয়েছি আমরা। আর এখন আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত।”সোমবার চট্টগ্রাম সফরের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের সঙ্গেও বৈঠক করে শ্রীলঙ্কার প্রতিনিধি দল।

ঢাকায় শ্রীলঙ্কার প্রতিনিধি দল