বিসিএলে নিজেকে যাচাই করবেন মাশরাফি
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা খেলছেন বড় দৈর্ঘ্যের ম্যাচে নিজেকে যাচাই করে নিতে।
রোববার বিকেএসপির দুটি ভেন্যুতে শুরু হচ্ছে বিসিএল। বিকেএসপির দুই নম্বর মাঠে মাশরাফির ইসলামী ব্যাংক ইস্ট জোনের প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন। বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন।
২০০৯ সালের জুলাইয়ে শেষ টেস্ট খেলেছিলেন মাশরাফি। গত বছর নভেম্বরের পর কোনো প্রথম শ্রেণীর ম্যাচ খেলেনি। টেস্ট দলে ফেরার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “এখন এসব নিয়ে চিন্তা করছি না। প্রথম ম্যাচটা খেলতে বুঝতে পারব, কেমন লাগছে। পরের ধাপগুলো নিয়ে পরে চিন্তা করা যাবে।”
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজের আগে বিসিএল ছাড়া আর কোনো খেলা নেই। তাই চার দিনের ম্যাচ খেলে হলেও অনুশীলনের মধ্যে থাকতে চেয়েছিলেন বলে জানান মাশরাফি।
অনেক দিন পরে বড় দৈর্ঘ্যের ম্যাচ খেললেও কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে মাশরাফি বলেন, “যদি খেলিই তাহলে অধিনায়কের সঙ্গে কথা বলে যেভাবে বোলিং করলে সুবিধা হবে সেভাবেই করবো। বড় দৈর্ঘ্যর ম্যাচে দলের প্রয়োজনে বোলিং হয়তো একটু বেশিই করতে হবে। আশা করছি ওটা পারব। এখনই টেস্ট ক্রিকেট খেলতে হবে নিজেকে এমন চাপ দেব না। ধীরে ধীরে মানিয়ে নেয়াটাই ভালো হবে।”
