২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাস

প্রতিযোগিতার নাম বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ হলেও ফাইনালে সাকিব আল হাসানের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে একদমই ‘চ্যালেঞ্জ’ জানাতে পারেনি তামিম ইকবালের ইউসিবি-বিসিবি একাদশ। সহজেই ৫৫ রানে জিতে উচ্ছ্বসিত প্রাইম ব্যাংকের অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 07:49 PM

Updated : 23 Aug 2022, 07:34 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল শেষে তিনি বলেন, “শিরোপা জিতে অবশ্যই ভালো লাগছে। আমি আগেও বলেছি, এই টুর্নামেন্টে আমরাই সেরা দল। ১৭৪ রান করার পর আমাদের হারানো সহজ নয়।”

কয়েক দিন আগে পাকিস্তানের মোহাম্মদ হাফিজের কাছে ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব হারানো সাকিব আরো বলেন, “এ বছর আমার ভালো কাটেনি। অনেকগুলো খেলা মিস করেছি। আগামী বছর সবগুলো ম্যাচ খেলতে চাই।”

অন্যদিকে নিজের বিতর্কিত আউটের পর জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে বলে মনে করেন বিসিবি একাদশের অধিনায়ক তামিম। তিনি বলেন, “দল আমার ওপরে অনেকখানি নির্ভরশীল। এতো বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে আমার দ্রুত বিদায়ের পর জয় পাওয়া সম্ভব হয়নি।”

নিজের আউট সম্পর্কে হতাশা প্রকাশ করে তামিম বলেন, “আজ আমাকে যে আউট দেয়া হল সেটা এর আগে কখনো দেখিনি। ভবিষ্যতে কখনো দেখবো বলেও মনে হয় না। ক্যাচ আউট দেয়া হলেও আমার ব্যাট বলের ধারে-কাছে ছিল না। তারপরও আমার কোনো অভিযোগ নেই। ভুল সবারই হতে পারে। ওদের বিপক্ষে দুই ম্যাচেই আমাকে ভুল আউট দেয়া হল। এটাই যা দুঃখজনক।”

স্থানীয়দের নিয়ে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের জন্য বিসিবিকে তাগিদ দিয়ে এই উদ্বোধনী ব্যাটসম্যান আরো বলেন, “এখানে যে ধরনের পরিস্থিতি মোকাবিলা করেছে আন্তর্জাতিক ক্রিকেটে সেই রকম পরিস্থিতিতে পড়লে তরুণরা বুঝতে পারবে কী করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেয়া তাদের পক্ষে অনেক সহজ হবে।”

এদিকে আচরণবিধি ভঙ্গ করায় তামিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, “আম্পায়ার আউট ঘোষণা করার পরও দাঁড়িয়ে ছিলেন তিনি, আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জও করেছিলেন।”