টেস্ট দলে ফিরলেন জয়াবর্ধনে, হেরাথ
ব্যক্তিগত কারণে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে না খেললেও টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথও।
জয়াবর্ধনে শেষ টেস্ট খেলেছেন গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে।
আগামী ৩১ ডিসেম্বর থেকে আবুধাবিতে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের সিরিজের জন্য সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
প্রথম টেস্ট হবে আবুধাবিতে। পরের দু’টি টেস্ট হবে দুবাই ও শারজাহতে।
দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ও উইকেটরক্ষক কওশাল সিলভা।
এছাড়া ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ ২২ বছর বয়সী পেসার বিশোয়া ফার্নান্দো। ডাক পেয়েছেন টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা দুই অফ-স্পিনার শাচিত্রা সেনানায়েকে ও দিলরুয়ান পেরেরাও।
চলমান পাঁচ ওয়ানডে সিরিজের তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান।
শ্রীলঙ্কার টেস্ট দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, কওশাল সিলভা, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, মাহেলা জয়াবর্ধনে, প্রসন্ন জয়াবর্ধনে, নুয়ান কুলাসেকারা, সুরঙ্গা লাকমাল, শামিন্দা এরাঙ্গা, বিশোয়া ফার্নান্দো, শাচিত্রা সেনানায়েকে, নুয়ান প্রদীপ, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা।
