২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইশান্তের তোপে বিপদে দক্ষিণ আফ্রিকা

ভারতের প্রথম ইনিংস ২৮০ রানে শেষ করে দেয়ার তৃপ্তি নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ইশান্ত শর্মার তোপ প্রথম টেস্টে অস্বস্তিতে ফেলে দিয়েছে তাদের। ৬ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শেষ করা স্বাগতিক দল পিছিয়ে আছে ৬৭ রানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 06:09 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

বৃহস্পতিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১১ উইকেট পতনের দিনে দক্ষিণ আফ্রিকানদের অবস্থা আরো খারাপ হতে পারতো। তবে ৮ নম্বরে নামা ভার্নন ফিল্যান্ডারের দৃঢ়তায় বিপদ কাটিয়ে ওঠার স্বপ্ন দেখতে পারছে তারা।

অথচ এক সময় বেশ ভালোই অবস্থা ছিল স্বাগতিকদের। ইশান্ত আলভিরো পিটারসেনকে (২১) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৩৭ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে দেয়ার পর গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা মসৃণ গতিতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৩৮ বলের এক ‘ঝড়’ দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার লণ্ডভণ্ড করে দিয়েছে।

ধ্বংসজ্ঞের সূচনা ইশান্তের মাধ্যমেই। আমলাকে (৩৬) বোল্ড করে ৯৩ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙ্গে দেন ভারতের দীর্ঘদেহী পেসার।

ইশান্তের পরের বলেই জ্যাক ক্যালিস এলবিডব্লিউ। অক্টোবরে ৩৮ বছর পূর্ণ করা ক্যালিসের ব্যাট হাতে দুর্দশা চলছেই। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে জোহানেসবার্গেই অর্ধশতক করার পর টেস্টে তার স্কোর ৭, ২, ২১, ৫, ০, ৭ ও ০।

আর কোনো রান যোগ হওয়ার আগে, জহির খানের করা পরের ওভারে স্মিথও এলবিডব্লিউ হয়ে যান। ৬৮ রান করলেও দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে তেমন স্বচ্ছন্দ মনে হয়নি।

ব্যক্তিগত ১৯ রানে জহিরের বলেই প্রথম স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন। শেষ পর‌্যন্ত অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই বাঁহাতি পেসারই স্মিথের ‘ঘাতক’। টেস্টে এ নিয়ে সপ্তমবারের মতো স্মিথকে আউট করলেন জহির।

৫ ও ৬ নম্বরে নামা এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি আরেক পেসার মোহাম্মদ সামির শিকার। তা-ও আবার একই ওভারে। ডুমিনিকে প্রথম স্লিপে মুরালি বিজয়ের তালুবন্দী করার দুই বল পর ডি ভিলিয়ার্সকে এলবিডব্লিউ করেন সামি।

১ উইকেটে ১৩০ রানের স্বস্তিকর জায়গা থেকে ৬ উইকেটে ১৪৬ রানের ধ্বংসস্তুপে পরিণত হয়ে দক্ষিণ আফ্রিকা তখন দিশেহারা।

এমন টালমাটাল অবস্থায় দলের হার ধরেছেন ফাফ দু প্লেসি ও ফিল্যান্ডার। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ৬৭ রান যোগ করেছেন দুজনে। দিন শেষে দু প্লেসি ১৭ ও ফিল্যান্ডার ৪৮ রানে অপরাজিত।

দু প্লেসি অবশ্য ভাগ্যবান। ১৭ রানেই তার ইনিংস শেষ হয়ে যেতে পারতো। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিলেও রোহিত শর্মার ব্যর্থতায় বেঁচে যান তিনি। দুর্ভাগা বোলারের নাম সামি।

৬৪ রানে ৩ উইকেট নিয়ে দলের সবচেয়ে সফল বোলার হলেও ইশান্ত দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন ভারতকে। বল করার সময় পিচের ‘বিপজ্জনক অঞ্চল’ দিয়ে দৌড়ানোর জন্য তাকে দুবার সতর্ক করে দিয়েছেন আম্পায়ার রড টাকার। আরেকবার এই ‘অপরাধ’ করলে প্রথম ইনিংসে ইশান্ত আর বল করতে পারবেন না।

এর আগে ব্যাটিংয়ের মতো বল হাতেও জ্বলে ওঠা ফিল্যান্ডারের সৌজন্যে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। ফিল্যান্ডার ও মর্নে মরকেলের তোপে ৫ উইকেটে ২৫৫ রান নিয়ে দিন শুরু করা ভারত বৃহস্পতিবার ২৫ রানের বেশি করতে পারেনি।

প্রথম দিন শেষে দুই অপরাজিত ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে ও মহেন্দ্র সিং ধোনি দ্বিতীয় দিনের প্রথম ৮ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছিলেন।

কিন্তু নবম ওভারের শেষ বলে আঘাত। ধোনিকে উইকেটরক্ষক ডি ভিলিয়ার্সের গ্লাভসবন্দি করে স্বাগতিক দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন মরকেল। আগের দিনের ১৭ রানের সঙ্গে মাত্র ২ রান যোগ করতে পেরেছেন ভারত অধিনায়ক।

৪৩ রান নিয়ে ব্যাট করতে নামা রাহানের অবদান তার দ্বিগুণ অর্থাৎ ৪ রান। ধোনি ফিরে যাওয়ার পরের ওভারে ৪৭ রান করে ফিল্যান্ডারের বলে তিনিও কট বিহাইন্ড।

ভারতের বড় সংগ্রহ গড়ার সম্ভাবনা তখনই শেষ। ফিল্যান্ডার ও মরকেলের তোপে শেষ তিন ব্যাটসম্যান কোনো রানই করতে পারেননি।

৬১ রানে ৪ উইকেট নিয়ে ফিল্যান্ডার স্বাগতিকদের সবচেয়ে সফল বোলার। ৩৪ রানে মরকেলের শিকার ৩টি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ২৮০ (বিজয় ৬, ধাওয়ান ১৩, পুজারা ২৫, কোহলি ১১৯, রোহিত ১৪, রাহানে ৪৭, ধোনি ১৯, অশ্বিন ১১*, জহির ০, ইশান্ত ০, সামি ০; ফিল্যান্ডার ৪/৬১, মরকেল ৩/৩৪, ক্যালিস ১/৩৭, স্টেইন ১/৬১)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২১৩/৬ (স্মিথ ৬৮, পিটারসেন ২১, আমলা ৩৬, ক্যালিস ০, ডি ভিলিয়ার্স ১৩, ডুমিনি ২, দু প্লেসি ১৭*, ফিল্যান্ডার ৪৮*; ইশান্ত ৩/৬৪, সামি ২/৪৮, জহির ১/৭২)