কোহলির শতকে ভারতের স্বস্তি
তাকে শচীন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরী মনে করেন ভারতের অনেক ক্রিকেট-ভক্ত। টেন্ডুলকার-উত্তর ভারতের প্রথম টেস্টে সেই বিরাট কোহলিই তার দলের পরিত্রাতা। কোহলির শতকের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৫৫ রান।
বুধবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও দুই উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় (৬) ও শিখর ধাওয়ান (১৩) তার মুখে হাসি ফোটাতে পারেননি।
তবে দলীয় ২৪ রানে এই দুজনকে হারানোর পর কোহলির দৃঢ়তাভরা ব্যাটিং স্বস্তি ফিরিয়ে আনে ভারতের সাজঘরে।
টেন্ডুলকারের চার নম্বর জায়গায় ব্যাট করতে নামা কোহলি তৃতীয় উইকেটে চেতেশ্বর পুজারার (২৫) সঙ্গে ৮৯ ও পঞ্চম উইকেটে অজিঙ্কা রাহানের (অপরাজিত ৪৩) সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন।
পঞ্চম শতকের দেখা পাওয়া কোহলি শেষ পর্যন্ত আউট হন ১১৯ রান করে। ১৮১ বলের ইনিংসটি সাজানো ১৮টি চারে।
টেস্টে এটাই কোহলির সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ রান ছিল ১১৬।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস: ২৫৫/৫ (বিজয় ৬, ধাওয়ান ১৩, পুজারা ২৫, কোহলি ১১৯, রোহিত ১৪, রাহানে ৪৩*, ধোনি ১৭*; মরকেল ১/২৭, ক্যালিস ১/৩৭, ফিল্যান্ডার ১/৫৫, স্টেইন ১/৫৬)
