অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সহজ গ্রুপে বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মোটামুটি সহজ গ্রুপই পেয়েছে বাংলাদেশ। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের তরুণরা খেলবে আফগানিস্তান, নামিবিয়া ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।
‘বি’ গ্রুপে বাংলাদেশ আবুধাবিতে প্রথম ম্যাচ খেলবে ১৫ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে। ১৭ ফেব্রুয়ারি নামিবিয়া এবং ১৯ ফেব্রুয়ারি তিনবারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেলবে বাংলাদেশ।
শনিবার দুবাইয়ে এক অনুষ্ঠানে গ্রুপ ও সময়সূচি ঘোষণা করা হয়।
চার গ্রুপের শীর্ষ দু'টি করে দল যাবে সুপার লিগের কোয়ার্টার-ফাইনালে। ফলে 'বি' গ্রুপ থেকে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়াটা অনেকটাই সহজ।
গ্রুপের তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দল খেলবে প্লেট চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে।
সংযুক্ত আরব আমিরাতের সাতটি ভেন্যুতে ১৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি হবে। আইসিসির ১০টি পূর্ণ সদস্য দেশ ছাড়াও এ টুর্নামেন্টে খেলবে আফগানিস্তান, কানাডা, নামিবিয়া, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
অস্ট্রেলিয়াতে ২০১২ সালের আসরে গ্রুপ পর্বে শ্রীলংকা ও নামিবিয়াকে জয় ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছিল বাংলাদেশ।এর আগে তিনবার প্লেট চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের তরুণরা।
টুর্নামেন্টের দশম আসরে ১৬ দিনে ম্যাচ হবে ৪৮টি। ফাইনাল হবে দুবাই স্পোর্টস সিটির দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
টুর্নামেন্ট শুরুর আগে পাপুয়া নিউ গিনি ও ইংল্যান্ডের বিপক্ষে ১০ ও ১২ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
চার গ্রুপ:
| গ্রুপ এ | গ্রুপ বি | গ্রুপ সি | গ্রুপ ডি |
| ভারত | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | নিউ জিল্যান্ড |
| পাকিস্তান | বাংলাদেশ | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড |
| স্কটল্যান্ড | আফগানিস্তান | জিম্বাবুয়ে | শ্রীলঙ্কা |
| পিএনজি | নামিবিয়া | কানাডা | আরব আমিরাত |
