২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলকে টি-টোয়েন্টি শেখালো 'এ' দল

প্রথম দুই ম্যাচ জিতে চ্যালেঞ্জ কাপ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ ‘এ’ দল। টি-টোয়েন্টি অনুশীলনের লক্ষ্যে আয়োজিত তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচেও জাতীয় দলকে ৮ উইকেটে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 04:32 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৮ রান করে জাতীয় দল। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। তার ২৪ বলের ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে। ১২ বলে চারটি চার ও তিনটি ছক্কায় মারমুখী ইনিংসটি খেলেন শামসুর।

শেষদিকে ১৫ বলে তিনটি করে চার-ছক্কায় ৩৬ রান করে অপরাজিত থাকেন আব্দুর রাজ্জাক। ‘এ’ দলের পক্ষে ২১ রানে তিন উইকেট নিয়ে সফল বোলার মুক্তার আলী।  

জবাবে উদ্বোধনী জুটিতে ৭৪ রান করে জয়ের ভিত গড়ে দেন মার্শাল আইয়ুব (২৫) ও মুমিনুল হক। ২৩ বলে নয়টি চার ও দুই ছক্কায় ৫৫ রান করেন মুমিনুল। তৃতীয় উইকেটে ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২১ বল বাকি থাকতে জয় নিশ্চিত করেন মিথুন আলী (৬৭)ও সাব্বির রহমান (৩৭)। ৩ চার ও ৬ ছক্কায় ৩০ বলের বিধ্বংসী ইনিংসটি খেলেন মিথুন।

জাতীয় দলের পক্ষে ২৮ রানে দুই উইকেট নেন পেসার আল-আমিন।

সংক্ষিপ্ত স্কোর:

জাতীয় দল: ১৮৮/৯ (সৌম্য ০, এনামুল ১৩, শামসুর ৩৭, মুশফিক ৩৮, মাহমুদুল্লাহ ১৪, নাঈম ৫, সোহাগ ২০, মাশরাফি ১৭, রাজ্জাক ৩৬*, রুবেল ০, আল-আমিন ২*; মুক্কার ৩/২১, ইলিয়াস ২/৩৩, আরাফাত ২/৩৫, নাসির ২/৪০)

‘এ’ দল: ১৬.৩ ওভার ১৯০/২ (মার্শাল ২৫, মুমিনুল ৫৫, মিথুন ৬৭*, সাব্বির ৩৭*; আল-আমিন ২/২৮)