২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যারেন ব্রাভোর দ্বিশতকে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

ড্যারেন ব্রাভোর ব্যাটিং-বীরত্বে ইনিংস ব্যবধানে হার এড়ানো ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে। ডানেডিনে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ৪৪৩ রান। ৪ উইকেট হাতে নিয়ে অতিথিরা এগিয়ে আছে ৪৭ রানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 11:28 AM

Updated : 23 Aug 2022, 07:25 PM

প্রথম দ্বিশতকের দেখা পাওয়া ব্রাভো অপরাজিত আছেন ২১০ রানে। টেস্ট ক্রিকেটে এই বাঁহাতি ব্যাটসম্যানের আগের সর্বোচ্চ ইনিংস ছিল ১৯৫, ২০১১ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে।

৪০৪ বলের অনবদ্য ইনিংসটি সাজানো ৩০টি চারে। ফলো-অন করতে নামা দলের পক্ষে দ্বিশতক করা সপ্তম ব্যাটসম্যান ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের জন্য আশার কথা, আগের ৬টি দ্বিশতকের পর ফলো-অন করা দল হার মানেনি।

শুক্রবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ২ উইকেটে ১৬৮ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ওয়েস্ট ইন্ডিজ মারলন স্যামুয়েলস (২৩) এবং শিবনারায়ণ চন্দরপলকে (১) প্রথম ১০ ওভারের মধ্যে হারিয়ে অস্বস্তিতে পড়ে যায়।

১৮৫ রানে চতুর্থ উইকেট হারানোর পর ব্রাভোর দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় অতিথি দল। পঞ্চম উইকেটে নরসিং দিওনারায়ণের সঙ্গে ১২২ রানের জুটি গড়েন ব্রাভো।

দিওনারায়ণকে (৫২) বিজে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দী করে এই জুটি ভাঙ্গেন কোরি অ্যান্ডারসন।

এরপর উইকেটরক্ষক দীনেশ রামদিনকে সঙ্গে নিয়ে ৫৬ রানের আরেকটি ভালো জুটি গড়েন ব্রাভো। লেগস্পিনার ইশ সোধি রামদিনকে (২৪) বোল্ড করার পর ক্যারিবীয়দের আর কোনো ক্ষতি হয়নি।

সপ্তম উইকেটে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লিড এনে দিয়েছেন ব্রাভো ও ড্যারেন স্যামি। দিনশেষে স্যামি ৪৪ রানে অপরাজিত।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৬০৯/৯ ডি. (টেইলর ২১৭*, ম্যাককালাম ১১৩, রাডারফোর্ড ৬২, ফুলটন ৬১, বেস্ট ৩/১৪৮, দিওনারায়ণ ২/৭৬, স্যামি ২/৭৯)

ওয়েস্ট ইন্ডিজ: ২১৩ (চন্দরপল ৭৬, ব্রাভো ৪০; সাউদি ৪/৫২, বোল্ট ৩/৪০) ও ৪৪৩/৬ (এডওয়ার্ডস ৫৯, পাওয়েল ১৪, ব্রাভো ২১০*, স্যামুয়েলস ২৩, চন্দরপল ১, দিওনারায়ণ ৫২, রামদিন ২৪, স্যামি ৪৪*; সোধি ২/১৩০, অ্যান্ডারসন ১/২৯, বোল্ট ১/৭১, সাউদি ১/৯০, ওয়াগনার ১/৯৬)