২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানকে হারালো প্রাইম দোলেশ্বর

কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে ৭৯ রানে হারিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে প্রাইম দোলেশ্বর। ১২ দলের লিগে এটিই ছিল প্রথম পর্বের শেষ ম্যাচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 05:28 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ উইকেটে ২৫২ রান করে দোলেশ্বর।

ইংল্যান্ডের জশুয়া কবের ৬৯ ও সাব্বির রহমানের ৩৩ রানের পরও ১৫২ রানে ৮ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে দোলেশ্বর।

সেখান থেকে দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেয়ার কৃতিত্ব দশ নম্বর ব্যাটসম্যান সোহাগ গাজী (অপরাজিত ৫৮) ও নয় নম্বর ব্যাটসম্যান আরমান হোসেনের (৩৮)। নবম উইকেটে ৯৭ রানের চমৎকার জুটি উপহার দেন এই দুজনে।

কলাবাগানের পক্ষে শরীফ উল্লাহ ও জাকারিয়া মাসুদ তিনটি করে উইকেট নেন।

জবাবে ৪৬ ওভার ১ বলে ১৭৩ রানে অলআউট হয়ে যায় কলাবাগান।

সর্বোচ্চ ৩৪ রান সগির হোসেনের। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে নুরুজ্জামানের ব্যাট থেকে।

২২ রানে ৪ উইকেট নিয়ে দোলেশ্বরের সেরা বোলার সাব্বির। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। এছাড়া তাইজুল ইসলাম ও ফরহাদ রেজা তিনটি করে উইকেট নেন।

লিগের সেরা ছয় দল নিয়ে এবার শুরু হবে শিরোপা মূল লড়াই সুপার সিক্স। জনপ্রিয় দল আবাহনী, শিরোপাধারী ভিক্টোরিয়া, জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং অলরাউন্ডার সাকিব আল হাসানের কলাবাগান ক্রীড়া চক্র প্রথম পর্ব থেকেই বিদায় নেয়ার কিছুটা বর্ণ হারাবে সুপার সিক্স।

নতুন নিয়মে দল বদল হওয়ায় এবার দলগুলোর পার্থক্য খুব কম। সমান ১৪ পয়েন্ট করে হলেও নেট রানরেটে দোলেশ্বর ও মোহামেডানকে পেছনে ফেলে শীর্ষে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব। সমান ১১ পয়েন্ট হলেও রান রেটে কলাবাগানকে পেছনে ফেলে পঞ্চম স্থানে আছে ব্রাদার্স ইউনিয়ন।