২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্দরে-বাহিরে শচীন

মুম্বাইয়ের একটি হাউজিং সোসাইটির ‘উষা কাল’ নামের বাড়ির পাঁচ তলায় নতুন এক ভোরের সূচনা হয় ভারতীয় ক্রিকেটের। অথচ ক্রিকেটার হওয়ার চেয়ে কবি হওয়াই অনেক সহজ ছিল শচীনের জন্য। শচীন রমেশ টেন্ডুলকার, ক্রিকেট বিশ্বের সবার কাছে আজ যিনি ‘লিটল মাস্টার’, তিনি কিন্তু হলেও হতে পারতেন মারাঠী ভাষার বিখ্যাত কোন কবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> কাওসার শাকিল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 07:39 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

‘সাহিত্য সহবাস’ নামে শচীনদের সেই আবাসিক সোসাইটির বেশ খ্যাতি ছিল এর নয়টি বাড়ির নানান তলায় বসবাস করা বিখ্যাত সব মারাঠী কবিদের কারণে। শুধু চারপাশের বাড়িতে নয়, শচীনের নিজের ঘরেই ছিল কবি হওয়ার মূর্তিমান উদাহরন। রমেশ টেন্ডুলকার মানে শচীনের বাবা নিজেই ছিলেন মারাঠী ভাষার বিখ্যাত কবি।

রমেশ বাবুর প্রিয় সংগীত শিল্পী ছিলেন শচীন কর্তা, মানে শচীন দেব বর্মন। আর সেজন্যই নিজের প্রিয় ছোটপুত্রের নামটা রেখেছিলেন প্রিয় শিল্পীর নামে। মনে হয়তো আশা ছিল, শচীন টেন্ডুলকার সঙ্গীতজ্ঞ হোক কি না হোক অন্তত শিল্প সাহিত্য নিয়ে তো থাকবে। কিন্তু কবিপুত্র শেষ পর্য়ন্ত হয়ে গেলেন ক্রিকেটের বরপুত্র!

ক্রিকেটের জগতের সাথে তার সখ্যতা সেই এগারো বছর বয়স থেকে। আর ষোল পেরুতে না পেরুতেই অভিষেক ঘটে গেছে জাতীয় দলে। মজার ব্যাপার হল, ব্যাটসম্যান হিসেবে কিংবদন্তি হলেও লিটল মাস্টার কিন্তু খেলা শুরু করেছিলেন ভালো পেসার হবার জন্য। এমনকি কিংবদন্তি পেসার ডেনিস লিলির সাগরেদি করতে ১৯৮৭ সালে গিয়েছিলেন তার এমআরএফ পেস ফাউন্ডেশনে। ভাগ্যিস তার উচ্চতা দেখে ডেনিস লিলি তাকে ভর্তি করতে রাজি হননি। নইলে ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা নিয়ে পেসার হবার দৌড় শেষতক কোথায় গিয়ে থামতো কে জানে!

বাবার মতন কবি না হয়ে ক্রিকেটার হলেও ব্যাক্তি জীবনে রমেশ টেন্ডুলকারের আদর্শকে সব সময় ধরে রেখেছেন শচীন টেন্ডুলকার। সংযমের যে শিক্ষা বাবা তাকে দিয়েছিলেন সেটাকে কোন দিনও ভুলে যাননি তিনি। বাবা বলেছিলেন, ‘জীবনে আর যাই করো, হুইস্কি, বিয়ার কিংবা সিগারেট কোম্পানির পণ্যদূত হবে না।’

জীবনে শত শত বিজ্ঞাপনে অংশ নিয়েছেন শচীন, কিন্তু কোনদিনই তরল সুরা কিংবা ধুম্রশলাকার বিজ্ঞাপনে তার টিকিটিও দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও এসবকে একদমই এড়িয়ে চলেন শচীন। সে জন্যই একটি বিখ্যাত হুইস্কি ব্র্যান্ডের কাছ থেকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবার বিনিময়ে ১০০ কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দেন শচীন।

এই শক্তপোক্ত সংযমী চরিত্রের জন্যই ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত গণমাধ্যমের সার্বক্ষনিক নজরদারিতে থাকা শচীন সারা জীবনে নেতিবাচক সংবাদের মুখোমুখি খুব একটা হননি। তাকে নিয়ে ছড়ায়নি কোন রমরমা কেলেংকারিও।

বিতর্ক অবশ্য একটা বেধেছিল একবার। সেটা তার লাল রঙের ফেরারি গাড়িটি নিয়ে। একটা ফেরারি গাড়ির শখ শচীনের বরাবরই ছিল। ফর্মুলা ওয়ান রেসিং কিংবদন্তি মাইকেল শুমাখার সে খবর পেয়ে টেন্ডুলকারকে একটা লাল রঙের ফেরারি উপহার দেন।

কোটি টাকা দামের সেই গাড়ির করের অংক নিয়ে শুল্ক কর্তৃপক্ষের খানিকটা গোল বেধেছিল শচীনের সঙ্গে। গাড়িটা তার এতই পছন্দের ছিল যে স্ত্রী অঞ্জলীকেও নাকি চালাতে দিতেন না সেটা। সময় সুযোগ পেলে লাল ফেরারির ধোয়ামোছা পর্যন্ত করতেন নিজ হাতে। কিন্তু শেষ পর্যন্ত নাকি বিতর্ক এড়াতেই এত শখের গাড়িটা তিনি বিক্রি করে দিয়েছেন সুরাটের এক ব্যবসায়ীর কাছে।

ক্রিকেটের মাঠে যতটাই তিনি ‘বহির্মুখী’ (মানে চার-ছক্কার দিক দিয়ে) ব্যক্তিজীবনে ঠিক ততটাই ‘অন্তর্মুখী’। ১৯৯৫ সালে বিয়ে করার সময় নিজের বাগদত্তাকে গণমাধ্যমের কাছ থেকে লুকোতে কম কসরৎ করতে হয়নি। স্ত্রী অঞ্জলী মেহতা গুজরাটের এক ধনাঢ্য পরিবারের মেয়ে। পেশায় চিকিৎসক অঞ্জলী বয়সে শচীনের চেয়ে ছয় বছরের বড়। নিজেদের দুই সন্তান সারা আর অর্জুনসহ মিস্টার এবং মিসেস টেন্ডুলকারের সন্তান সংখ্যা ২০২! নিজেদের সন্তানের পাশাপাশি স্বামী-স্ত্রী মিলে ২০০ অনাথ শিশুর লালন-পালনের ভার নিয়েছেন। ‘আপনালয়’ নামের একটি বেসরকারি সংস্থার সাহায্যে সেই ২০০ শিশুর ভরণপোষণের ব্যবস্থা করেন তারা।

টেন্ডুলকারকে কিংবদন্তি ক্রিকেটারে পরিণত করতে বিশাল অবদান তার কোচ রমাকান্ত আচরেকারের। শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম ধনী এ ক্রীড়াবিদ দাবি করেন তার জীবনের সবচেয়ে বড় উপার্জন হল রমাকান্ত আচরেকারের কাছ থেকে পাওয়া তেরটি বিদেশি পয়সা। আচরেকার নেটে শচীনের ব্যাটিং করার সময় স্টাম্পের ওপরে একটা পয়সা রাখতেন। বোলার তাকে আউট করতে পারলে পয়সাটা তার, আর না পারলে শচীনের। সেই আউট না হওয়া তেরটি পয়সা এখনো জমিয়ে রেখেছেন তিনি। গুরুর প্রতি এ যেন এক অনবদ্য নৈবেদ্য।

শচীনের অবসর নেয়ার সিদ্ধান্ত পছন্দ না হওয়া ৮০ বছর বয়সী আচরেকারের ভাষায়, “এই বিশ্বের দেখা সেরা ব্যাটসম্যান হল শচীন। আরো একজন গ্রেট হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আমি মনে করি না কখনো শচীনের মত প্রতিভাবান কাউকে পাওয়া সম্ভব। যখনই সে অবসর নিক, ক্ষতিটা পূরণ করা যাবে না। শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটও তার অভাব অনুভব করবে।”