২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজে বেইলির উপর ভরসা অস্ট্রেলিয়ার

চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের হাত থেকে অ্যাশেজ পুনরুদ্ধারে মরিয়া অস্ট্রেলিয়া একটা বড় জুয়াই খেলেছে জর্জ বেইলিকে নিয়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটে সময়টা ভালো না কাটলেও সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে থাকা এই ব্যাটসম্যানকে প্রথম টেস্টের ১২ সদস্যের দলে রাখা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 11:21 AM

Updated : 25 Apr 2022, 07:31 PM

প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাটিং গড় মাত্র ৩৮ হলেও বেইলির ওপর আস্থা রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। আগামী ২১ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ৬ নম্বরে ব্যাট করতে পারেন তিনি। অভিষেক হলে তিনি হবেন অস্ট্রেলিয়ার ৪৩৫ নম্বর টেস্ট খেলোয়াড়।

চোটের কারণে শেষ মুহূর্তে নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক সরে দাঁড়ানোয় ভারত সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন বেইলি। সেখানে সিরিজ হারলেও ব্যাটসম্যান হিসেবে দারুণ সফল ছিলেন তিনি। তাই তাসমানিয়ান সতীর্থ আলেক্স ডুলানকে পেছনে ফেলে গ্যাবা টেস্টের দলে সুযোগ মিললো তারই।

মঙ্গলবার ব্রিসবেনে দল ঘোষণার সময় অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জন ইনভেরারিটি বলেন, “ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন জর্জ বেইলি। তিনি এখন দারুণ আত্মবিশ্বাসী। ওয়ানডে ক্রিকেটে তার পারফরস্যান্স অসাধারণ এবং এই সুযোগ তার প্রাপ্য।”

প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন পেসার মিচেল জনসন। পিটার সিডল, রায়ান হ্যারিসের সঙ্গে পেস আক্রমণে থাকবেন তিনি। ইংল্যান্ডে চলতি বছরের প্রথম অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে অভিষিক্ত জেমস ফকনার দলে রয়েছেন তবে অলরাউন্ডার শেন ওয়াটসন হ্যামস্ট্রিং চোট কাটিয়ে বল করতে পারলে তার না খেলার সম্ভাবনাই বেশি।

মিচেল স্টার্ক, জ্যাকসন বার্ড ও জেমস প্যাটিনসনের চোটের কারণে তিন বছর পর আবার অ্যাশেজ দলে ফিরলেন জনসন। ৩-১ ব্যবধানে হারা সেই সিরিজে ভীষণ অনুজ্জ্বল ছিলেন বাঁহাতি এই পেসার।
ইনভেরারিটি বলেন, “আমরা পাঁচ ব্যাটসম্যান ও পাঁচ বোলার খেলাতে পারি। কোনো স্পিনার না নিয়ে কেবল চার পেসার নিয়েও খেলতে পারি আবার এক স্পিনার ও তিন পেসার নিয়েও খেলতে পারি।”
ব্রিসবেনের উদ্বোধনী টেস্টের পর অ্যাডিলেড, পার্থ, মেলবোর্ন ও সিডনিতে আগামী দুই মাসে টানা চতুর্থ অ্যাশেজ সিরিজ হারের শঙ্কার বিরুদ্ধেও লড়তে হবে অস্ট্রেলিয়াকে।

অস্ট্রেলিয়া দল: ক্রিস রজার্স, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), স্টিভ স্মিথ, জর্জ বেইলি, ব্র্যাড হ্যাডিন, মিচেল জনসন, পিটার সিডল, রায়ান হ্যারিস, নাথান লিয়ন ও জেমস ফকনার।