২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবনমন ম্যাচ এড়ালো আবাহনী

টানা চতুর্থ জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রেলিগেশন ম্যাচ এড়িয়েছে আবাহনী লিমিটেড। রেলিগেশন ম্যাচে তাই খেলাঘর সমাজ কল্যাণ সমিতির প্রতিপক্ষ আবাহনীর কাছে ৬ উইকেটে হারা কলাবাগান ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 05:20 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪০ রান করে কলাবাগান।

সর্বোচ্চ ৮৬ রানে অপরাজিত থাকেন নাঈম ইসলাম। তার ৯৮ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা। এছাড়া তাসামুল হক ৫০ ও নাসিররুদ্দিন ফারুক ৪৮ রানের দুটি চমৎকার ইনিংস খেলেন।

আবাহনীর পক্ষে আল-আমিন (২), নাবিল সামাদ ও শাহজাদা হোসেন দুটি করে উইকেট নেন।

জবাবে ৪৩ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

আবাহনীর জয়ের নায়ক দক্ষিণ আফ্রিকার গ্রেগরি স্মিথ। ম্যাচ সেরা এই ব্যাটসম্যানের ৯৪ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা। ইয়াসির আলীর (৩৭) সঙ্গে তার ১৩৮ রানের জুটিতে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি।

মাত্র ৪৪ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৩ রানে অপরাজিত মোসাদ্দেক হোসেনের অবদানও কম নয়। এছাড়া অধিনায়ক শাহরিয়ার নাফীস ৪২ রান করেন।

কলাবাগানের পক্ষে আঞ্জুম আহমেদ ৪০ রানে ৩ উইকেট নেন।

১০ খেলায় চতুর্থ এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থেকে লিগ শেষ করলো আবাহনী। সমান ম্যাচ থেকে মাত্র পাঁচ পয়েন্ট সংগ্রহ করা কলাবাগান রেলিগেশন প্লে-অফ ম্যাচে খেলবে খেলাঘরের বিপক্ষে। তবে এই ম্যাচে হারলেও কলাবাগানের লিগ থেকে অবনমন হওয়ার আশঙ্কা নেই। কারণ খেলাঘরের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে আছে তারা। তাই খেলাঘরের অবনমন নিশ্চিত।

সুপার লিগে উঠেছে মোহামেডান, প্রাইম দোলেশ্বর, গাজী ট্যাংক, প্রাইম ব্যাংক, কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি ও ব্রাদার্স ইউনিয়ন। আবাহনী ছাড়াও সুপার লিগে উঠতে পারেনি ভিক্টোরিয়া ও শেখ জামাল।

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে একটি ম্যাচে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) সময় মতো ভেন্যুতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তাদের প্রথম বিভাগে নামিয়ে দেয় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।