শ্রীলঙ্কায় বোথামের ‘চ্যারিটি ওয়াক’
অনেকদিন ধরে এর জন্য অপেক্ষায় ছিল শ্রীলঙ্কানরা। তাদের প্রতীক্ষা শেষে শুক্রবার থেকে শুরু হচ্ছে ইয়ান বোথামের ‘চ্যারিটি ওয়াক’।
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় শহর কিলিনোচ্চি থেকে শুরু হবে ১৬০ কিলোমিটার দীর্ঘ এই হাঁটা। আট দিন পর যা শেষ হবে দক্ষিণ শ্রীলঙ্কার সিনিগামা ক্রিকেট মাঠে।
এই দীর্ঘ পথে বোথামকে মাঝে-মাঝে সঙ্গ দেবেন অস্ট্রেলিয়ার দুই সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার ও স্টিভ ওয়াহ এবং শ্রীলঙ্কার তিন তারকা ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও মুত্তিয়া মুরালিধরন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ৫৭ বছর বয়সী বোথাম বলেন, “(শ্রীলঙ্কার) প্রচণ্ড গরম ও আর্দ্রতাকে হারানো খুবই কঠিন। তবে আমি এই চ্যালেঞ্জের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।”
প্রায় ৩০ বছর ধরে চলা গৃহযুদ্ধে শ্রীলঙ্কার বহু মানুষ সর্বস্ব হারিয়েছেন। এই ‘চ্যারিটি ওয়াক’ থেকে প্রাপ্ত অর্থ সেই সব নিঃস্ব মানুষের পেছনে খরচ করা হবে। কিছু ব্যয় করা হবে লরিয়াস ক্রীড়া সংস্থার উন্নয়নে।
১৯৮৫ সাল থেকে দুঃস্থ মানুষের সেবায় ‘চ্যারিটি ওয়াক’-এ অংশ নিচ্ছেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার বোথাম।
১০২ টেস্টে পাঁচ হাজার ২০০ রান ও ৩৮৩ উইকেটের মালিক বোথামের প্রথম উদ্যোগ ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীদের এনে দিয়েছিল কয়েক লাখ পাউন্ড।
