পিসিবি সভাপতি নির্বাচনের জন্য আদালতের নির্দেশ
ইসলামাবাদ হাই কোর্ট আগামী ২ নভেম্বর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি নির্বাচনের নির্দেশ দিয়েছে।
পাকিস্তানের নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচন হবে।
পিসিবির আইন উপদেষ্টা তফাজ্জুল রিজভি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আদালত ২ নভেম্বর পিসিবি সভাপতি পদে নির্বাচনের আদেশ দিয়েছে।”
“আদালত পাকিস্তানের নির্বাচন কমিশনকে এই নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধানেরও নির্দেশ দিয়েছে।”
আদালতের নির্দেশ অনুযায়ী পিসিবি সভাপতি পদে দাঁড়াতে আগ্রহী প্রার্থীকে কমপক্ষে স্নাতক হতে হবে। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার অভিজ্ঞতাও থাকতে হবে তার।
গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশের ক্রিকেট পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির নিয়োগ দিয়েছেন। নির্বাচন না হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।
