ওটাগোকে হতাশ করে শেষ চারে মুম্বাই
পার্থ স্করচার্সকে ৬ উইকেটে হারিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সেমিফাইনাল নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
চার ম্যাচের চারটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে খেলবে রাজস্থান রয়্যালস। সমান দশ পয়েন্ট হলেও নিউজিল্যান্ডের ওটাগো ভোল্টসকে (+০.৮৬৯) শ্রেয়তর রান রেটে পেছনে ফেলেছে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই (+১.০৬৮)।
মঙ্গলবার রাজস্থানের কাছে ওটাগোর হার মুম্বাইয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল। বুধবার সেই সুযোগ কাজে লাগিয়ে শচীন টেন্ডুলকারের শেষ টি-টোয়েন্টি টুর্নামেন্টে শেষ চারে চলে যায় মুম্বাই।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৯ রান করে পার্থ।
সর্বোচ্চ ৫১ রানে অপরাজিত থাকেন স্যাম হোয়াটম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান অ্যাশটন অ্যাগারের।
মুম্বাইয়ের পক্ষে ১৯ রানে ৩ উইকেট নেন ফাস্ট বোলার নেইথান কোল্টার-নাইল। যদিও অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগব্যাশ লিগে পার্থ স্করচার্সের হয়ে খেলেন তিনি।
সেমিফাইনালে যেতে হলে ১৪ ওভার ২ বলের মধ্যে জিততে হতো মুম্বাইকে। তার চেয়ে ৬ বল কম খেলে অর্থাৎ ১৩ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
টেন্ডুলকার শূন্য রানে বিদায় নিলেও রোহিত শর্মা (২৪ বলে অপরাজিত ৫১) ও ডোয়াইন স্মিথের (২৫ বলে ৪৮) ঝড়ো ব্যাটিং সহজ জয় এনে দেয় মুম্বাইকে।
পার্থের পক্ষে ব্র্যাড হগ ও জেসন বেরেনডর্ফ দুটি করে উইকেট নেন।
