২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবের হোসেনের সিদ্ধান্তে হতাশ নাজমুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সাবের হোসেন চৌধুরীর সরে দাঁড়ানোর ঘোষণায় ভীষণ হতাশ নাজমুল হাসান। পাশাপাশি সব কিছু ভুলে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে বিসিবির সাবেক সভাপতির কাছে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বর্তমান সভাপতি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 08:50 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, “সাবের ভাই সরে গেলেন। সত্যি বলছি, আমার ভালো লাগছে না। উনি নির্বাচন করলে ভালো লাগত। তার সময়ে ক্রিকেটে অনেক ভালো কাজ হয়েছে। আমি মনে করি দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তার অভিজ্ঞতা আমাদের দরকার।”

“সাবের ভাই ষড়যন্ত্র করছেন বলে মনে হয় না। ওনাদের (ফোরাম নেতা) নির্দেশনায় বিভ্রান্ত হয়ে তিনি এ সব করছেন। আপনাদের মাধ্যমে আমি উনাকে অনুরোধ জানাচ্ছি, ঐ গোষ্ঠীর খপ্পর থেকে বেরিয়ে আসুন। দেশের ক্রিকেটের জন্য চলুন আমরা এক সঙ্গে কাজ করি।”

বিসিবি সভাপতি আরো বলেন, “সাবের ভাইয়ের আশেপাশে যারা আছেন তারা এমনকি ভোটারও নন। ভোটারদের সঙ্গে আগে আলোচনা না করায় তিনি প্যানেল দাঁড় করাতে পারছেন না। চারজন ছাড়া আর কেউ কিন্তু তাদের সঙ্গে নেই।”

নির্বাচন হলে আদালত অবমাননার কোনো সুযোগ নেই জানিয়ে নাজমুল হাসান বলেন, “আদালতের রায়ে বলা হয়েছে এনএসসির সংশোধিত গঠনতন্ত্রে নির্বাচন দিতে হবে। এনএসসি সংশোধিত গঠনতন্ত্র একটিই। ২৯ তারিখের জায়গায় ছাপার ভুলে ২১ নভেম্বর হয়ে গেছে। কাজেই এটা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”

বিভিন্ন সময়ে বিভিন্ন ফেডারেশনের নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সংস্থা বা ফোরামের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ উপস্থাপন করে তিনি বলেন, “আপনারাও (সাংবাদিকরা) কিন্তু এদের বিরুদ্ধে। আমি ঢালাওভাবে ফোরামের বিরুদ্ধে কথা বলছি না। আমার অভিযোগ গুটি কয়েক ব্যক্তির বিরুদ্ধে। তারা পুরো দেশের ক্রীড়াঙ্গনকে নিজেদের মুঠোর মধ্যে নিতে চায়।”

কাউন্সিলর মনোনয়ন নিয়ে ফোরামের বিভিন্ন অভিযোগের জবাবে বিসিবি সভাপতি বলেন, “বিসিবির কোনো নির্বাচনে কখনোই জেলা বা ক্রীড়া সংস্থা সভা করে কাউন্সিলর মনোনয়ন দেয়নি। বরাবরই সংস্থার সভাপতি মনোনয়ন দিয়েছেন। এবারো তাই হয়েছে।”

“আমরা একটা কাজ করেছি। কোথাও ক্রিকেটার বা ক্রিকেট সংগঠক থাকলে তাদের অগ্রাধিকার দিতে এই ধারা যুক্ত করেছি। ওরা তো বোর্ডকে ক্রিকেটার মুক্ত করতে চেয়েছিল। পরিচালক হওয়া দূরের কথা, কাউন্সিলর হওয়ার পথও বন্ধ করতে চেয়েছিল। কোনো সভ্য দেশে এটা হতে পরে?”, প্রশ্ন রাখেন বিসিবি সভাপতি।

কাউন্সিলর চেয়ে পাঠানো চিঠি জাল, সাক্ষর জাল করার মতো গুরুতর অপরাধের প্রমাণও সংবাদ সম্মেলনে দিয়েছেন নাজমুল হাসান। সবশেষে তিনি বলেন, “দুঃখজনক হল, যারা এটা করেছেন তাদের সবাইকে কাউন্সিলর করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন সাবের ভাই।”