২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র ম্যাচে শতক হাকালেন সৌম্য

প্রত্যাশিত ড্র হয়েছে বিসিবি লাল ও বিসিবি সবুজের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচ। তবে শেষ দিন শতক পেয়েছেন লাল দলের বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 08:33 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ২৮২ রান নিয়ে খেলা শুরু করে লাল দল। ১৩ রান যোগ করেই সাজঘরের পথ ধরেন আগের দিন শতকে পৌঁছানো মার্শাল আইয়ুব (১৫৭)।

দলীয় ২৯৫ রানে মার্শালের বিদায়ে পর প্রথম ইনিংসে দলকে ৩৯১ পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব সৌম্যর। নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১১৫ রান করা সৌম্যর ২০৩ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও ২টি ছক্কা।

অফ স্পিনার সোহাগ গাজীর দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ২৫ বল খেলে ৬ রান করেন মাশরাফি বিন মুর্তজা। দ্বিতীয় ইনিংসে বল করেননি লাল দলের এই পেসার। সবুজ দলের পাঁচ বোলার দুটি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ৪৬ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে মুশফিকুর রহিমের দল।

দ্বিতীয় ইনিংসে অর্ধশতক পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। আবার ব্যর্থ জহুরুল ইসলাম (১৭), রকিবুল হাসান (১৮) ও জিয়াউর রহমান (১৪)। ৩৭ রানে অপরাজিত থাকেন প্রথম ইনিংসে অর্ধশতক করা মুশফিক।

লাল দলের পক্ষে নাসির হোসেন ১৫ রানে নেন ২ উইকেট। প্রথম ইনিংসে ৭৩ রানে ৭ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন ৫৮ রানে।