২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে অজ্ঞান আকমল, দেশে তলব

ক্যরিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে জ্যামাইকা যাওযার পথে বিমানে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন পাকিস্তানের উমর আকমল। তাই তার দল টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠলেও দেশে ফিরতে হচ্ছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 01:31 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

এই অসুস্থতার কারণে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টির দল থেকে তাকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলছিলেন আকমল।

বিমানে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলার পর স্থানীয় একটি হাসপাতালে এক রাত কাটাতে হয় তাকে।
আকমলের অসুস্থতা সম্পর্কে পিসিবি বিস্তারিত না জানালেও দ্রুত তাকে দেশে ফিরতে বলা হয়েছে।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, “তাকে (আকমল) দ্রুত দেশে ডেকে পাঠানো হয়েছে। তাকে পরিপূর্ণ ডাক্তারি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে ফিটনেস ফিরে পেতে।”

আকমলের পরিবর্তে ইতোমধ্যে আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।

২৩ অগাস্ট থেকে শুরু জিম্বাবুয়ে সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ছাড়াও দুটি টেস্ট খেলবে পাকিস্তান।