পাকিস্তানের কাছে অনূর্ধ্ব-১৯ দলের হার
শুক্রবার ফেয়ারফিল্ড রোডে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪৪ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
৫৫ রানে ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে শতক পাওয়া মোসাদ্দেক হোসেনসহ তিন ব্যাটসম্যানের বিদায়ে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি।
চতুর্থ উইকেটে সাদমান ইসলামের সঙ্গে জসিমউদ্দিনের ৫৫ রানের জুটি কিছুটা স্বস্তি ফেরায় বাংলাদেশ শিবিরে। রান আউট হয়ে সাদমানের (৪৬) বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি জসিমও (৫০)। অর্ধশতকে পৌঁছেই সাজঘরের পথ ধরেন তিনি। তার ৬৭ বলের ইনিংসে ছিল ৫টি চার।
পরের দিকের ব্যাটসম্যানরা ভালো না করায় দুশ’ পর্যন্ত যেতে পারেনি বাংলাদেশ।
২৭ রানে ৩ উইকেট নিয়ে জিয়া-উল-হক পাকিস্তানের সেরা বোলার।
অপরাজিত শতকে পাকিস্তানকে জয় এনে দেন অধিনায়ক সামি আসলাম
সামির সঙ্গে ইমরান বাটের (৩৪) ১০৭ রানের উদ্বোধনী জুটি পাকিস্তানকে শক্ত ভিত্তি গড়ে দেয়। এরপর ইমাম-উল-হক (১৩) দ্রুত বিদায় নিলেও হোসাইন তালাতের (অপরাজিত ২২) সঙ্গে সামির ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে জয় এনে দেয়।
রোববার নিজেদের চতুর্থ ম্যাচে আবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯ ওভারে ১৯২ (সুমন ১, সাদমান ৪৬, নাজমুল ১৬, মোসাদ্দেক ৫, জসিম ৫০, মিরাজ ১৩, জয়রাজ ২৫, সাইফুদ্দিন ২, রিফাত ১, ফেরদৌস ১৫, যুবায়ের ০; জিয়া ৩/২৭, কামরান ২/৩৪, আফতাব ২/৩৬, জাফর ১/২৯)
পাকিস্তান: ৪৪.১ ওভারে ১৯৬/২ (সামি ১২০*, ইমরান ৩৪, ইমাম ১৩, তালাত ২২*; মিরাজ ১/৪৩)
