২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু পাকিস্তান দায়ী নয়: রশিদ লতিফ

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক রশিদ লতিফ মনে করেন, বিশ্ব ক্রিকেট এখনো নিষ্কলঙ্ক হওয়া থেকে অনেক দূরে আর সেজন্য শুধু তার স্বদেশকে দায়ী করা অনুচিৎ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 08:49 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

বৃটিশ পত্রিকা ‘মেইল’-এর এক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সদ্য সমাপ্ত পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ পাতানো ছিল।

১৯৯৪ সালে নিজের দল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগ করে ক্রিকেট-বিশ্বে হৈ-চৈ ফেলে দেয়া লতিফ এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “এসব অনেক মারাত্মক অভিযোগ আর এর তদন্তও হওয়া প্রয়োজন। এক্ষেত্রে পত্রিকাটিকে সঠিক তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হবে।”

“পত্রিকাটি তথ্য-প্রমাণ দিতে ব্যর্থ হলে পিসিবির অবশ্যই আদালতে যাওয়া উচিৎ। তারা (পিসিবি) সেটা না করলে আমিই তা করব।”

ম্যাচ পাতানোর সঙ্গে যে পাকিস্তান ছাড়াও অন্য দলগুলো জড়িত, তা জানাতে গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময়ের একটি ঘটনার কথা উল্লেখ করেন ৩৭টি টেস্ট ও ১৬৬টি ওয়ানডে খেলা লতিফ। তিনি বলেন, “আইসিসির একজন কর্মকর্তা আমাকে জানিয়েছিলেন যে ‘এ’ গ্রুপের একটি ম্যাচ সন্দেহজনক ছিল। তবু কেন এ নিয়ে কোনো কথা ওঠেনি?”

“এটা সত্যি যে আমাদের খেলোয়াড়রাই বেশি ধরা পড়ে। কিন্তু শুধু পাকিস্তানের ম্যাচের দিকে কেন অভিযোগের আঙ্গুল ওঠে?”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ছিল। ‘বি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গী ছিল ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে ‘নো বল’ করা এবং তার সঙ্গে জড়িত থাকার অপরাধে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হন পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির এবং ঐ সময়ের অধিনায়ক সালমান বাট।

২০০০ সালে পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক সেলিম মালিক ও পেসার আতাউর রেহমানকে ম্যাচ পাতানোয় জড়িত থাকার দায়ে আজীবন নিষিদ্ধও করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।