অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতায় ক্ষুব্ধ টমসন
অ্যাশেজের লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার 'বাজে' ব্যাটিং দেখে ক্ষুব্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেফ টমসন।
ঐ টেস্টে অস্ট্রেলিয়াকে ৩৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অ্যাশেজে স্বাগতিক ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে গেছে।
ব্যাটিং স্তম্ভকে ভেঙ্গে পড়তে দেথে টমসন বলেন, “অস্ট্রেলিয়ার এমন হতশ্রী পারফরম্যান্সে আমি বিব্রত বোধ করছি। এখন একটাই আশা, ম্যানচেস্টারে তারা যেন কিছু করতে পারে।”
“লর্ডসে মাইকেল ক্লার্কদের ব্যাটিং প্রসঙ্গে শুধু একটা কথাই বলতে পারি, জীবনে এর চেয়ে বাজে ব্যাটিং আর দেখিনি”, ক্ষোভ প্রকাশ করেন টমসন।
ট্রেন্ট ব্রিজ টেস্টে প্রথম সারির ব্যাটসম্যানেরা ব্যর্থ হলেও নীচের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল অতিথিরা।
কিন্তু চার দিনে শেষ হওয়া লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৬১ রানের জবাবে অস্ট্রেলীয়রা মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে সামান্য রানের দেখা পেলেও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ছিল না ক্লার্কদের ব্যাটে। ৫৮৩ রানের জয়ের লক্ষ্যে ২৩৫ রানে সবকটি উইকেট হারায় তারা।
টেস্টে ২০০’রও বেশি উইকেটের মালিক টমসন বিবিসি রেডিওর সঙ্গে আলাপকালে ঐ হতাশা ঢাকার কোনো চেষ্টাই করেননি। তিনি বলেন, “নটিংহ্যামে প্রথম টেস্টে ছেলেদের পারফরম্যান্সে আমি খুব সন্তুষ্ঠ ছিলাম। গর্বিত বোধ করছিলাম। তারা অসাধারণ খেলেনি ঠিকই কিন্তু নিজেদের লড়াকু হিসেবে প্রমাণ করেছিল।"
কিন্তু লর্ডস টেস্টে আশা ভাঙে টমসনের, "এরপর লর্ডসে বোলাররা ভালো করলো। তাতে আমি আশান্বিত হলাম। আর তারপরই ৫০ ওভারের মধ্যে আমরা আউট হয়ে গেলাম। ঐ ইনিংসে তাদের খেলা শট আমাকে খুবই রাগান্বিত করে তোলে।”
আগামী ১ অগাস্ট থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে তৃতীয় টেস্ট।
