২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির কাছে ওয়েস্ট ইন্ডিজের হার

শহীদ আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ১২৬ রানে হারিয়েছে পাকিস্তান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 03:28 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে।

রোববার গায়েনার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২২৪ রান করে পাকিস্তান। জবাবে ৪১ ওভারে ৯৮ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

জেসন হোল্ডারের মারাত্মক বোলিংয়ে ৪৭ রানে পাঁচ ব্যাটসম্যানের বিদায়ে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। সেখান থেকে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব অধিনায়ক মিসবাহ-উল-হক ও ম্যাচ সেরা আফ্রিদির।

ষষ্ঠ উইকেটে ১১৫ বলে ১২০ রানের জুটি গড়েন মিসবাহ-আফ্রিদি। এতে বড় অবদান চ্যাম্পিয়ন্স ট্রফিতে উপেক্ষিত আফ্রিদির। কাইরন পোলার্ডের বলে ড্যারেন স্যামির ক্যাচে পরিণত হওয়ার আগে ৭৬ রান করেন তিনি। তার ৫৫ বলের ইনিংসে ৫টি বিশাল ছক্কা ও ৬টি চার।

দলকে দু'শ পর্যন্ত নেয়ার পর বিদায় নেন মিসবাহও (১২১ বলে ৫২)। তার বিদায়ের পর বেশি দূর এগোয়নি অতিথিদের ইনিংস।

১৩ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার হোল্ডার।

জবাবে আফ্রিদির ঘূর্ণিতে বিধ্বংসী বোলিংয়ে একশর আগেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১২ রানে ৭ উইকেট নিয়ে আফ্রিদিই ওয়েস্ট ইন্ডিজের মূল ‘ঘাতক’।

ওয়ানডে ইতিহাসে এটি দ্বিতীয় সেরা বোলিং। ২০০১ সালে কলম্বোয় জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার চামিন্দা ভাস।

মোহাম্মদ ইরফানের মারাত্মক বোলিংয়ে মাত্র ৭ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর আসাদ আলী-ওয়াহাব রিয়াজ-সাঈদ আজমল-মোহাম্মদ হাফিজদের ঠিকঠাক সামাল দিলেও লেগস্পিনার আফ্রিদির ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ৯ ওভার আগেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ২৫ রান মারলন স্যামুয়েলসের। ২১ রানে অপরাজিত থাকের ড্যারেন স্যামি।

এ নিয়ে তিনবার ম্যাচে অর্ধশতক ও পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন আফ্রিদি। ৩৩৮৯টি ওয়ানডেতে এটি ১৬তম নজির। আফ্রিদি ছাড়া আর কেউ একবারের বেশি এ কৃতিত্ব দেখাতে পারেন নি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২২৪/৯ (জামশেদ ৬, শেহজাদ ৫, হাফিজ ১, মিসবাহ ৫২, শফিক ০, আকমল ১৯, আফ্রিদি ৭৬, ওয়াহাব ৭, আজমল ১৫*, আসাদ আলী ১১, ইরফান ৪*; হোল্ডার ৪/১৩, রোচ ২/৩৮, ডোয়াইন ব্রাভো ২/৫২, পোলার্ড ১/২৫)

ওয়েস্ট ইন্ডিজ: ৪১ ওভারে ৯৮ (গেইল ১, চার্লস ০, ড্যারেন ব্রাভো ৫, স্যামুয়েলস ২৫, সিমন্স ১০, ড্যারেন ব্রাভো ০, পোলার্ড ৩, স্যামি ২১*, রোচ ১, সুনীল ১৪, হোল্ডার ০; আফ্রিদি ৭/১২, ইরান ২/১৭)

ম্যাচ সেরা: শহীদ আফ্রিদি।

একদিনের ম্যাচে এক ইনিংসে সেরা বোলিং ফিগার দেখতে ক্লিক করুন