জয়ের পথে ইংল্যান্ড
হেডিংলিতে দ্বিতীয় টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিন ৪ উইকেট চাই ইংল্যান্ডের। ৪৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মঙ্গলবার চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৫৮ রান করেছে নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে চার উইকেট নেয়া অফস্পিনার গ্রায়েম সোয়ান দ্বিতীয় ইনিংসেও মূল ‘হন্তারক’। আলোক স্বল্পতার কারণে দিনের খেলা শেষ হওয়ার ১৫ বল আগে আস্থার সঙ্গে খেলা রস টেইলরকে (৭০) বিদায় করে অতিথিদের সবচেয়ে বড় ধাক্কাটা দেন তিনি।
প্রথম ইনিংসে ৪২ রানে ৪ উইকেট নেয়া সোয়ান দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন ৬১ রানে।
পিটার ফুলটনকে (৫) ইয়ান বেলের ক্যাচে পরিণত করে ২১ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে শুরুতেই সাফল্য এনে দেন স্টুয়ার্ট ব্রড। এরপর সোয়ান কেন উইলিয়ামসন (৩) ও হামিশ রাদারফোর্ডকে (৪২) সাজঘরে ফেরত পাঠালে চা-বিরতি অতিথিদের স্কোর পরিণত হয় ৬৮/৩-এ।
চতুর্থ উইকেটে টেইলরের সঙ্গে ডিন ব্রাউনলির ৭৯ রানের জুটি আশা জাগিয়েছিল নিউজিল্যান্ড শিবিরে। ব্রাউনলিকে (২৫) বেলের ক্যাচে পরিণত করে স্টিভেন ফিন বিপজ্জনক জুটি ভাঙ্গার পর আর পেছনে তাকাতে হয়নি স্বাগতিকদের।
এর আগে ১ উইকেটে ১১৬ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। অধিনায়ক অ্যালিস্টার কুকের ২৫তম শতকে ৫ উইকেটে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
দলের রান দুশ পেরুনোর পর সাজঘরে ফেরার আগে ১৩০ রান করেন কুক। তার ১৯০ বলের ইনিংসে ১৮টি চার।
এরপর নেইল ওয়াগনার বেল (৬) ও জো রুটকে (২৮) এবং উইলিয়ামসন জোনাথন ট্রটকে (৭৬) সাজঘরে ফেরত পাঠালে মধ্যাহ্ন বিরতির পরপরই ইনিংস ঘোষণা করেন কুক।
৬৮ রানে ৩ উইকেট নিয়ে উইলিয়ামসন নিউজিল্যান্ডের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩৫৪ (রুট ১০৪, বেয়ারস্টো ৬৪; বোল্ট ৫/৫৭, সাউদি ২/৭৬) ও ২৮৭/৫ ডিক্লে. (কুক ১৩০, কম্পটন ৭, ট্রট ৭৬, বেল ৬, রুট ২৮, বেয়ারস্টো ২৬*, প্রায়র ৪*; উইলিয়ামসন ৩/৬৮, ওয়ানগার ২/৬৭)
নিউজিল্যান্ড: ১৭৪ (ফুলটন ২৮, রাদারফোর্ড ২৭, ২৭; সোয়ান ৪/৪২, ফিন ৩/৩৬) ও ১৫৮/৬ (ফুলটন ৫, রাদারফোর্ড ৪২, উইলিয়ামসন ৩, টেইলর ৭০, ব্রাউনলি ২৫, গাপটিল ৩, ম্যাককালাম ০*, সাউদি ৪*; সোয়ান ৪/৬১, ব্রড ১/১৯, ফিন ১/৪৩)
