২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের মাঠে ব্যাঙ্গালোরের প্রথম জয়

এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত অর্ধশতকে প্রতিপক্ষের মাঠে প্রথম জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলে বৃহস্পতিবারের দ্বিতীয় খেলায় পুনে ওয়ারিয়র্সকে ১৭ রানে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 06:15 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

এগারো খেলায় এটি ব্যাঙ্গালোরের সপ্তম জয়, আর সমান খেলায় পুনের নবম হার।

পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৮৭ রান করে ব্যাঙ্গালোর। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৭০ রানে থেমে যায় পুনের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ৮১ রানে ৪ উইকেট হারালেও টুর্নামেন্টের তলানির দলটিকে লড়াইয়ে রেখেছিলেন রবিন উথাপ্পা। পঞ্চম উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউসের (১৯ বলে ৩২) ৬৩ রানের জুটি গড়ে দলকে সুবিধা জনক জায়গায় নিয়ে আসেন তিনি।

কিন্তু দলীয় ১৪৪ রানে ম্যাথিউস ও ১৫৯ রানে উথাপ্পা (৪৫ বলে ৭৫) বিদায় নিলে আর পেরে উঠেনি পুনে।

৩১ রানে ৩ উইকেট নিয়ে আর বিনয় কুমার ব্যাঙ্গালোরের সেরা বোলার।

এর আগে ৩৬ রানে ক্রিস গেইল (২১) বিদায় নিলেও বিরাট কোহলির (২৫) সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন সৌরভ তিওয়ারী (৫২)।

তবে প্রতিপক্ষের মাঠে পঞ্চম প্রচেষ্টায় দলকে প্রথম জয় এনে দেয়ার কৃতিত্ব সৌরভের নয়, এবি ডি ভিলিয়ার্সের (২৩ বলে ৫০*)। চতুর্থ উইকেটে মোইসেস হেনরিক্সের (২৩ বলে ২৭*) সঙ্গে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে দুশ রানের কাছাকাছি নিয়ে যান তিনি।

অশোক দিন্দার করা শেষ ওভার থেকে ২৬ রান নেন ডি ভিলিয়ার্স। সেটাই খেলায় ব্যবধান গড়ে দেয়।