২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবের কাছে দিল্লির হার

বীরেন্দর শেবাগের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ষষ্ঠ আইপিএলে প্রথম জয় পাওয়ার পরের ম্যাচেই দিল্লি ডেয়ারডেভিলসের পুরনো চেহারা। মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৫ উইকেটে হেরেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সাত ম্যাচে এটি পাঞ্জাবের চতুর্থ জয় অন্যদিকে আট ম্যাচে দিল্লির সপ্তম হার।

দিল্লি ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২০ রান করে দিল্লি। জবাবে ১৭ ওভারে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।

লক্ষ্য তাড়া করতে নেমে ৬ রানে অ্যাডাম গিলক্রিস বিদায় নিলেও মানদীপ সিংয়ের (২৪) সঙ্গে লুক পুমারসবাচের (১৮) ৪৪ রানের জুটি দলকে ভালো সূচনা এনে দেয়।

দলীয় ৫০ রানে দুজনই সাজঘরের পথ ধরলে অস্বস্তিতে পড়ে পাঞ্জাব। কিন্তু ডেভিড মিলারের অপরাজিত ৩৪ ও ডেভিড হাসির ২০ রানের ছোট্ট কিন্তু কার্যকর দুটি ইনিংস দলকে সহজ জয়ই এনে দেয়।

এর আগে ব্যাট করতে নেমে বীরেন্দর শেবাগ (২৩) ও ডেভিড ওয়ার্নার (৪০) দিল্লিকে ৩ উইকেটে ৮৪ রানের ভালো ভিতের ওপর দাঁড় করিয়েছিল। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দিল্লির সংগ্রহ খুব একটা বড় হয় নি।

২৪ রানে ৩ উইকেট নিয়ে হারমীত সিং পাঞ্জাবের সেরা বোলার।