রাইডারের অবস্থার উন্নতি
গুরুতর আহত নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডারের অবস্থার উন্নতি হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে এক জনের ২০ এবং অন্য জনের ৩৭ বছর বয়স। তাদের বিরুদ্ধে রাইডারের ওপরে হামলার অভিযোগ আনা হয়েছে। আগামী ৪ এপ্রিল তাদের আদালতে হাজির করার কথা।
বৃহস্পতিবার গভীর রাতে একটি বার কাম রেস্তোরাঁর সামনে দুর্বৃত্তদের হামলায় মাথায় চোট পাওয়া রাইডারকে ক্রাইস্টচার্চ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, তার মাথার কয়েক জায়গা ফেটে গেছে এবং ফুসফুসও ক্ষতিগ্রস্থ হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী হিথ মিলস বলেন, “শুক্রবার রাইডারের অবস্থার উন্নতি হয়েছে। তার ব্যবস্থাপক অ্যারন ক্লি জানিয়েছেন, রাইডার তাকে বুড়ো আঙ্গুল তুলে স্বাগত জানিয়েছেন।”
মিলস আরো বলেন, “তিনি স্বজন ও চিকিৎসক দলের ডাকে সাড়া দিয়েছেন। জেসি এখনো কোমায় আছেন। ফুসফুসে চোটের কারণে এখনো তাকে অক্সিজেন দিতে হচ্ছে। আর মাথার চোটের ক্ষতিটা এখনো স্পষ্ট নয়। কোমা থেকে বেরিয়ে এলেই তা বোঝা হবে।”
এর আগে কয়েক বার মদ্যপান করে ঝামেলায় জড়িয়েছিলেন ২৮ বছর বয়সী রাইডার। তবে ক্রাইস্টচার্চ পুলিশ জানিয়েছে, এবারের ঘটনা মদ্যপানজনিত কারণে হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেটে স্বেচ্ছা নির্বাসনে থাকা রাইডারের শিগগির জাতীয় দলে ফেরার সম্ভাবনা কমই। অন্তত মে-জুনের ইংল্যান্ড সফরে তাকে পাচ্ছে না নিউজিল্যান্ড।
আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলতে শুক্রবার দেশ ছাড়ার কথা ছিল ১৮ টেস্টে ১,২৬৯ এবং ৩৯ ওয়ানডেতে ১,১০০ রান করা রাইডারের।
