হারের বৃত্ত ভাঙ্গার সুযোগ
শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজে হারের বৃত্ত ভাঙ্গার সুযোগ এখন বাংলাদেশের সামনে। বৃহস্পতিবার পাল্লেকেলেতে বেলা তিনটা থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডে জিততে পারলে ১-১ সমতায় সিরিজ শেষ করবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে চারটি ওয়ানডে সিরিজ খেলে তিন বারই ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শুধু ২০০৫-০৬ মৌসুমে বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে জিতেছিল।
হাম্বানটোটায় প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে ৫ ওভারের বেশি হতে পারেনি।
প্রথম ম্যাচে দুই পেসার আবুল হাসান ও রুবেল হোসেন মিলে ১০ ওভারে ৯৬ রান দিয়ে শ্রীলঙ্কার ‘কাজ’ অনেক সহজ করে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে হাসান বাদ পড়ায় নতুন বলে রুবেলের সঙ্গী হন জিয়াউর রহমান।
বৃহস্পতিবার বাংলাদেশের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি। হাসানের জায়গায় সুযোগ পাওয়া মমিনুল হকের উপস্থিতি বাংলাদেশের ব্যাটিং গভীরতা বাড়িয়েছে।
তাছাড়া মমিনুলের বাঁহাতি স্পিনও কাজে লাগাতে পারবেন অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের জন্য এটা একটা বাড়তি পাওনা।
