আইসিসি ট্রফি দেশেই আসেনি
কয়েক দিন ধরেই বাংলাদেশের শিরোপা জেতা আইসিসি ট্রফি হারিয়ে যাওয়া নিয়ে কয়েকটি গণমাধ্যমে জল্পনা চলছে। বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ১৯৯৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির মূল ট্রফি বা প্রতিলিপি কোনোটাই দেশে নিয়ে আসা হয়নি।
সংবাদ সম্মেলনে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, “১৯৯৭ সালে বাংলাদেশের জেতা আইসিসি ট্রফি নিয়ে দেশের বিভিন্ন গণ্যমাধ্যমে প্রকাশিত সংবাদ বিসিবির নজরে এসেছে। আমাদের মনে হয়েছে এসব প্রতিবেদনের কিছু অংশ ভুল তথ্য ও অনুমান নির্ভর। এ বিষয়ে সৃষ্টি হওয়া সংশয় দূর করার জন্য আমরা নিশ্চিত করছি, আইসিসি ট্রফি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয়ে আছে। এটা আইসিসিও নিশ্চিত করেছে আমাদের।”
তিনি আরো বলেন, “আইসিসি জানিয়েছে, ছবি তোলা ও অন্যান্য কাজের জন্য চ্যাম্পিয়ন দলকে কয়েক মাস মূল ট্রফি রাখার অনুমতি দেয়া হয়। তবে মূল ট্রফি বা তার প্রতিলিপি স্থায়ীভাবে দিয়ে দেয়ার কোনো নিয়ম নেই। টেস্ট মর্যাদা পাওয়ার আগে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনের স্মারক নিয়ে প্রশ্ন ওঠায় আমরা ১৯৯৭ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার, কর্মকর্তা এবং সেই সময়ের বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, মূল ট্রফি বা তার প্রতিলিপি কখনোই বাংলাদেশে আসেনি।”
