২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিসিবির নজরদারী বাড়ানো উচিৎ’

ক্রিকেটারদের চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরদারী বাড়ানোর সময় এসেছে বলে মনে করেন প্রধান নির্বাচক আকরাম খান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 11:14 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, “ক্রিকেটারদের চোট নিয়ে বিসিবির নজরদারী বাড়ানোর সময় এসেছে। সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আরো দায়িত্বশীল হওয়া উচিৎ। বিভিন্ন জায়গায় ‘গ্যাপ’ আছে, এগুলো দ্রুত কমিয়ে আনা উচিৎ।”

“জাতীয় দল সব সময় একজন ক্রিকেটারকে সম্পূর্ণ ফিট দেখতে চায়। কিন্তু ক্লাবে চোট নিয়েও খেলতে হয়। এ ব্যাপারে ক্রিকেটারদের আরো সতর্ক হতে হবে। বোর্ড ও ক্লাব কর্মকর্তাদেরও বিষয়টি সতর্কতার সঙ্গে দেখতে হবে,” যোগ করেন তিনি।

তিনি আরো বলেন, “টি-টোয়েন্টি কম সময়ের ক্রিকেট বলে অনেকে মনে করেন এখানে চাপ থাকে না। বিপিএলে যে মানের ক্রিকেট হয় তাতে খেলোয়াড়দের ভীষণ চাপে থাকতে হয়। এই টুর্নামেন্টের পর লম্বা একটা বিরতি প্রয়োজন। চোট নিয়ে খেলোয়াড়দের আরো বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন।”

শ্রীলঙ্কা সফরে চোটের কারণে সাকিব আল হাসান, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র ও শাহরিয়ার নাফীসকে দলে না পেয়ে ভীষণ হতাশ আকরাম। তিনি বলেন, “গত তিন-চার দিন খুব কঠিন সময় গেছে। প্রধান নির্বাচক হিসেবে প্রায় দুই বছর হলেও নির্বাচক হিসেবে ৫ বছর হয়ে গেছে। এর আগে কখনো এমন পরিস্থিতি পড়তে হয় নি।”

“ক্রিকেটারদের কখনোই ব্যথা নিয়ে খেলা উচিৎ নয়। তাহলে ব্যথা তো ভালো হবেই না বরং আরো খারাপের দিকে যাবে। চোট পুনর্বাসনে বিসিবির এখন অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে ক্রিকেটারদের তা কাজে লাগানো উচিৎ,” ক্রিকেটারদের সমালোচনা করে বলেন তিনি।

তামিম ইকবালের চোট নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে প্রধান নির্বাচক বলেন, “ফিজিওর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলেছেন তামিমের প্রথম টেস্ট খেলার সম্ভাবনা ৯০ শতাংশ। সে ফিটনেস অনুশীলন শুরু করেছে। কব্জির ব্যথা ছাড়া সে সম্পূর্ণ ফিট।”