সহজ জয়ে সমতায় ইংল্যান্ড
শতক করেও দ্বিতীয় ওয়ানডেতে দলকে জয় এনে দিতে পারেননি রস টেইলর। বুধবার নিউজিল্যান্ডকে সহজেই ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা নিয়ে এসেছে ইংল্যান্ড।
শনিবার অকল্যান্ডে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে। গত রোববার হ্যামিল্টনে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড তিন উইকেটে জিতেছিল।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৫ বলে ২৬৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
১১৭ বলে ঠিক ১০০ রান করেন গত ডিসেম্বরে কোচ মাইক হেসনের ‘ষড়যন্ত্রে’ অধিনায়কত্ব হারানোর প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে অস্বীকৃতি জানানো টেইলর। তার সপ্তম ওয়ানডে শতকটি ৯টি চার ও একটি ছক্কায় সাজানো।
যার কাছে টেইলর অধিনায়কত্ব হারিয়েছেন, সেই ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো ইনিংস ৩০০ ছাড়ানোর স্বপ্ন দেখাচ্ছিল স্বাগতিকদের। পঞ্চম উইকেটে নিউজিল্যান্ডের সাবেক ও বর্তমান অধিনায়ক মাত্র ৮ ওভার ৫ বলে ১০০ রানের জুটি গড়েন।
যে জুটির ভিত্তি ম্যাককালামের আক্রমণাত্মক ব্যাটিং। মাত্র ৩৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৪ রান করেন ম্যাককালাম।
কিন্তু অধিনায়কের বিদায়ের পরই পথ হারিয়ে ফেলে নিউজিল্যান্ডের ইনিংস। ২৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে পৌনে তিন শ’ও করতে পারেনি তারা।
৩৪ রানে ৫ উইকেট নেয়া জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংই তার কারণ।
আড়াআড়িভাবে ম্যাকলিন পার্কের সীমানা বেশ ছোট। সুযোগটা কাজে লাগিয়ে ২৭০ রানের লক্ষ্যে পৌঁছাতে তেমন সমস্যা হয়নি ইংল্যান্ডের।
অধিনায়ক অ্যালিস্টার কুক (৭৮), জোনাথন ট্রট (অপরাজিত ৬৫) ও জো রুটের (অপরাজিত ৭৯) তিনটি দৃঢ়তাভরা ইনিংস ১৪ বল হাতে রেখেই জয় এনে দেয় অতিথিদের।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৪৮.৫ ওভারে ২৬৯ (ওয়াটলিং ৭, রাদারফোর্ড ১১, উইলিয়ামসন ৩৩, টেইলর ১০০, ইলিয়ট ২৩, ব্রেন্ডন ম্যাককালাম ৭৪, ফ্র্যাঙ্কলিন ১, নাথান ম্যাককালাম ৭, সাউদি ২, মিলস ৩*, বোল্ট ১; অ্যান্ডারসন ৫/৩৪, ওকস ৩/৬৮, ফিন ১/৩৩, ব্রড ১/৬৯)
ইংল্যান্ড: ৪৭.৪ ওভারে ২৭০/২ (কুক ৭৮, বেল ৪৪, ট্রট ৬৫*, রুট ৭৯*; উইলিয়ামসন ১/৩৯, সাউদি ১/৫৪)
