২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো রাজশাহীকে হারাল খুলনা

বাংলাদেশ প্রিমিয়র লিগে (বিপিএল) শুক্রবারের প্রথম ম্যাচে খুলনা দুরন্ত রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে খুলনা রয়েল বেঙ্গলস। দুই দলের প্রথম দেখায়ও খুলনা জেতে ৬৮ রানে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 09:44 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

এর হারের পরও ১০ খেলায় ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে রাজশাহী। সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকলেও শীর্ষ চারে যাওয়ার খুব ক্ষীণ সম্ভানা বেঁচে থাকল খুলনার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৮ রান করে রাজশাহী। জবাবে ১৯ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানে রিকি ওয়েসেলস বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে ট্র্যাভিস বার্টের সঙ্গে শাহরিয়ার নাফীসের ৬৩ রানের জুটি খুলনাকে জয়ের ভিত গড়ে দেয়। ২৬ বলে ২৩ রান করে বার্ট বিদায় নিলেও দলকে কক্ষপথে রাখেন নাফীস।

তৃতীয় উইকেচে জিহান মুবারকের (২৭ বলে অপরাজিত ৩০) সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে দলকে জয়ের খুব কাছ নিয়ে বিদায় নেয়ার আগে ৭১ রান করেন নাফীস। তার ৫১ বলের ইনিংসে ১১টি চার। টুর্নামেন্টে এটি তার তৃতীয় অর্ধশতক।

এর আগে ব্যাট করতে নেমে ৩১ রানে প্রথম তিন ব্যাটসম্যান সাজঘরে ফেরায় রাজশাহীর শুরুটা মোটেও ভালো হয়নি।

এরপর জহুরুল ইসলাম (১০) ও চামারা কাপুগেদারা (১৮) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় রাজশাহী।

সপ্তম উইকেটে শন আরভিনের (২৩) সঙ্গে মুক্তার আলীর ৪২ রানের জুটির সুবাদে একশ পেরুয় দলটি। আরভিনের বিদায়ের পর একাই খেলতে হয়েছে আট নম্বর ব্যাটসম্যান মুক্তারকে। তার অপরাজিত ৪১ রানের সৌজন্যে দেড়শর কাছাকাছি যায় রাজশাহী।

১৮ রানে ৩ উইকেট নিয়ে কৃষমার সান্টোকি খুলনার সেরা বোলার। এছাড়া সানজামুল ইসলাম ও নুর হোসেন দুটি করে উইকেট নেন।