পাকিস্তানকে হারিয়ে ভারত সপ্তম
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে মহিলা বিশ্বকাপ ক্রিকেটে সপ্তম হয়েছে প্রতিযোগিতার আয়োজক ভারত।
কটকের বারাবটি স্টেডিয়ামে অনুষ্ঠিত সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নিদা দারের অপরাজিত ৬৮ ও নাইন আবিদির ৫৮ রানের সুবাদে ৭ উইকেটে ১৯২ রান করে পাকিস্তান।
৩৫ রানে ৩ উইকেট নেন নাগারাজন নিরাঞ্জনা। ১০ ওভারে দুটি মেইডেনসহ মাত্র ১৭ রানের বিনিময়ে ঝুলন গোস্বামীর শিকার দুই উইকেট।
জবাবে মিতালি রাজের অপরাজিত ১০৩ রানের অধিনায়কোচিত ইনিংস ৪ ওভার আগেই লক্ষ্যে পৌঁছে দেয় ভারতকে। থিরুশ কামিনি ২৬ এবং রীমা মালহোত্রার ব্যাট থেকে আসে ২৫ রান।
শুক্রবার থেকে শুরু হচ্ছে সুপার সিক্স। তবে গ্রুপ পর্ব থেকে স্বাগতিক দল বিদায় নেয়ায় বিশ্বকাপ নিয়ে ভারত জুড়ে তেমন আগ্রহ নেই।
সুপার সিক্সের ৬টি দল হল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, এবারের আসরের সবচেয়ে বড় চমক শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
সুপার সিক্সের প্রথম দিনে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ।
