‘আপাতত পাকিস্তান সফর নয়’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়া সম্ভব নয়।
দুবাইয়ে ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় যোগ দিয়ে দেশে ফিরে এ কথা বলেন বিসিবি সভাপতি।
শুক্রবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তিনি বলেন, “প্রতিশ্রুতি দিয়েও পাকিস্তানে যেতে না পারার কারণ আমি আইসিসির সভায় ব্যাখ্যা করেছি। আমি বলেছি এই সফর নিয়ে পুরো দেশই উদ্বিগ্ন। এখনই আমাদের পক্ষে পাকিস্তানে যাওয়া সম্ভব নয়। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা শতভাগ সন্তুষ্ট হতে পারলেই শুধু এই সফর হতে পারে।”
আগামী মাসে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের ক্রিকেটারদের খেলার অনুমতি দেয়া হবে কিনা জানতে চাইলে নাজমুল হাসান বলেন, “ঝুঁকি নিয়ে কেউ সেখানে খেলতে যেতে চায় কিনা সেটা আগে দেখতে হবে। বোর্ড সভাতেই এ ব্যাপারে আলোচনা হবে।”
টেস্ট অভিষেকের এক যুগ কেটে গেলেও এখনো ভারত সফরে যায়নি বাংলাদেশ দল। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, এ বছর বাংলাদেশের ভারত সফরে যাওয়ার সম্ভাবনা আছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আইসিসি সভায় ভারত সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে কথা দিয়েছেন, এ বছর বাংলাদেশের ভারত সফরের ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করবেন। আমরাও আগামী মাস থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কাজ শুরু করে দিতে চাই।”
