২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টেন্ডুলকার আরো দুই বছর খেলার সামর্থ্য রাখেন’

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারা বলেছেন, শচীন টেন্ডুলকারের এখনো সর্বোচ্চ পর্যায়ে দুই বছর খেলার সামর্থ্য রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 09:19 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারা বলেছেন, শচীন টেন্ডুলকারের এখনো সর্বোচ্চ পর্যায়ে দুই বছর খেলার সামর্থ্য রয়েছে। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার কপিল দেবকে দেয়া এক সাক্ষাৎকারে লারা বলেন, “টেন্ডুলকারের ‘মান’ ও দীর্ঘ সময় ধরে খেলার সামর্থ্য অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে তাকে আলাদা করেছে।” “১৫/১৬ বছর বয়স থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন তিনি। তার দুই বছর পরে আমার অভিষেক হয় আর পাঁচ বছর আগেই আমি অবসর নিয়েছি অথচ তিনি খেলেই চলেছেন। তার সঙ্গে আমি অনেকবারই খেলেছি, সেই থেকে আমি জানি তিনি একজন অসাধারণ মানুষ এবং তার অর্জনও অনন্য,” যোগ করেন তিনি। স¤প্রতি আইসিসি হল অব ফেমে জায়গা করে নেয়া এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, “তিনি টি-টোয়েন্টি খেলা বন্ধ করেছেন। আমি জানি না কতগুলা ওয়ানডে খেলবেন। তবে আমি মনে করি আরো কয়েক বছর টেস্ট খেলবেন তিনি। যখনই তিনি অবসর নেন ক্রিকেট তার অভাব অনুভব করবে।” টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ফেভারিট মনে করেন ৪৩ বছর বয়সী লারা। তিনি বলেন, “আমি ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচটি দেখেছি। অসাধারণ একটি দল তারা। শ্রীলঙ্কা খুব বিপদজনক একটি দল এবং ভারতও শিরোপার অন্যতম দাবিদার।” “ওয়েস্ট ইন্ডিজ দলে কয়েকজন খুব ভালো ক্রিকেটার রয়েছেন। তারা এক সঙ্গে পারফরম করলে ওয়েস্ট ইন্ডিজেরও ভালো সম্ভাবনা রয়েছে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫১৭ ঘ.