২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরেও উপেক্ষিত পিটারসেন

আগামী মাসের ভারত সফরের জন্য ঘোষিত ১৬ সদস্যের ইংল্যান্ড দলে জায়গা হয়নি কেভিন পিটারসেনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী মাসের ভারত সফরের জন্য ঘোষিত ১৬ সদস্যের ইংল্যান্ড দলে জায়গা হয়নি কেভিন পিটারসেনের। গত মাসে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কাছে ইংল্যান্ডের কয়েক জন ক্রিকেটার সম্পর্কে বিতর্কিত এসএমএস পাঠানোর জের ধরে দল থেকে বাদ পড়েন ‘কেপি’ নামে পরিচিত এই ডান হাতি ব্যাটসম্যান। পিটারসেনকে না রাখা প্রসঙ্গে মঙ্গলবার এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক হিউ মরিস বলেন, “দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের দল থেকে তাকে বাদ দেয়া প্রসঙ্গে কেভিন পিটারসেনের সঙ্গে ইসিবি ও ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট আলোচনা করেছে।” “তবে এই আলোচনা ব্যক্তিগত ও গোপনীয়তার সঙ্গে হয়েছে। এখনো এর কোনো সুরাহাও হয়নি। তাই ভারত সফরের জন্য কেভিনকে বিবেচনা করা হয়নি,” যোগ করেন তিনি। ইংল্যান্ড দলে নতুন মুখ দুটি - নিক কম্পটন ও জো রুট। ৯৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা নিক কিংবদন্তি-ব্যাটসম্যান ডেনিস কম্পটনের নাতি। ভারতের স্পিন সহায়ক উইকেটের কারণে তিন স্পিনার গ্রায়েম সোয়ান, মন্টি পানেসার ও সমিত প্যাটেলকে নিয়েছে ইংল্যান্ড। প্রায় তিন মাস দীর্ঘ ভারত সফরে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, নিক কম্পটন, স্টিভেন ফিন, গ্রাহাম ওনিয়ন্স, এউইন মরগান, মন্টি পানেসার, সমিত প্যাটেল, ম্যাট প্রায়র, জো রুট, গ্রায়েম সোয়ান ও জোনাথন ট্রট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৯ঘ.